সম্প্রতি জানা গেল ২৬টি পর্বের পর শেষ হচ্ছে ‘ইউফোরিয়া’। এইচবিও সিরিজটির নির্মাতা, লেখক-পরিচালক স্যাম লেভিনসন এ ঘোষণা দেন। দ্য নিউইয়র্ক টাইমসের সংগীতবিষয়ক পডকাস্ট ‘পপকাস্ট’-এ তিনি এ কথা জানান।
সিজন থ্রির প্রিমিয়ারের আগে দ্য নিউইয়র্ক টাইমসে জো কসকারেলির সঙ্গে এক সাক্ষাৎকারে লেভিনসন বলেন, ‘আমি প্রতিটি সিজন এমনভাবে লিখি যেন সেটিই শেষ সিজন।’ চতুর্থ সিজন সম্পর্কে জানতে চাইলে তিনি কিছুটা দ্বিধা প্রকাশ করে বলেন, ‘আমি জানি না। এ মুহূর্তে আমি শুধু আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাই, কিছু এলমোর লিওনার্ড পড়তে চাই এবং আবার মিসেস মিনিভার দেখতে চাই।’
তবে ইউফোরিয়া শেষ হওয়ার বিষয়টি অপ্রত্যাশিত নয়। এর আগেও অভিনেত্রী জেন্ডেয়া নানা সময় ইঙ্গিত দিয়েছিলেন যে তৃতীয় সিজনের পরই সিরিজটির সমাপ্তি ঘটবে। তার আগেও দর্শকের মনে হয়েছিল সিরিজটি আর এগোবে না। দ্বিতীয় ও তৃতীয় সিজনের মধ্যে পুরো চার বছরের ব্যবধান ছিল। এ সময়ে জেন্ডেয়া ও তার বেশ কয়েকজন সহ-অভিনেতা বড় বড় ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত তারকায় পরিণত হন। এছাড়া আরো কিছু কারণে তৃতীয় সিজনের প্রযোজনা উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছিল।
তবে প্রথম সিজনেই দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ইউফোরিয়া। এর পেছনে কারণও ছিল। সিরিজের গল্পটি তরুণদের নিয়ে। হাই স্কুল স্টুডেন্টদের নিয়ে গল্প সবসময় হলিউডের দর্শকের পছন্দের তালিকায় থাকে। পাশাপাশি এতে অভিনয় করেছিলেন জেন্ডেয়া, হান্টার শ্যাফার, এরিক ডেন, জ্যাকব এলদি, সিডনি সুইনি, অ্যালেক্সা ডেমি, মড অ্যাপাটো, মার্থা কেলি, ক্লোই চেরি, অ্যাডেওয়ালে আকিনুয়োয়ে-আগবাজে, টোবি ওয়ালেস ও কোলম্যান ডোমিঙ্গো। এদের অনেকেই এখন হলিউডের বড় তারকা। ইউফোরিয়ার সর্বশেষ বা তৃতীয় সিজন নিয়েও দর্শকের উৎসাহ দেখা গেছে।
সূত্র: ভ্যারাইটি