ম্যাকলমোরকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পপ তারকা এড শিরান। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে মন্তব্য করার পর গত সপ্তাহে এ র্যাপারকে শিরানের কনসার্ট ট্যুর থেকে সরিয়ে দেয়া হয়। এ ঘটনায় নীরবতা ভেঙে গাজায় বসবাসকারী মানুষের সঙ্গে ইসরায়েলের আচরণকে ‘অন্যায়, অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ গায়ক। খবর রয়টার্স।
ফিলাডেলফিয়ায় দর্শকদের উদ্দেশে গতকাল শিরান বলেন, ‘আমাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এবং কিছু ভুলও করছি। এর জন্য আমি সত্যিই, সত্যিই দুঃখিত।’
ম্যাকলমোরকে কনসার্ট ট্যুর থেকে সরিয়ে দেয়ার পর শনিবারই প্রথমবারের মতো তিনি পারফর্ম করেন।
কনসার্টের শুরুতে লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে শিরান ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার কথা উল্লেখ করেন। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। হামলাটিকে তিনি ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন। তবে এর পর গাজায় ইসরায়েলের চালানো যুদ্ধকে তিনি ‘বিপর্যয়কর, অন্যায় ও অযৌক্তিক এবং অসম’ বলে অভিহিত করেন। ওই যুদ্ধে গাজায় ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে।
পশ্চিম তীরেও ‘পদ্ধতিগত অবিচার’-এর নিন্দা জানান শিরান। ইসরায়েলের ডানপন্থী জোট সরকার সেখানে ইহুদি বসতি ব্যাপকভাবে সম্প্রসারণের সুযোগ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
কনসার্টের শুরুতে দেয়া শিরানের বক্তব্য গত সপ্তাহের শুরুর দিকের বক্তব্যের সঙ্গে বড় ধরনের পার্থক্য তৈরি করেছে। তখন ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি বলেছিলেন, তার কনসার্টে আসা দর্শক ‘রাজনৈতিক ফোরাম প্রত্যাশা করেন না’।
ম্যাকলমোর ইনস্টাগ্রামে একটি পোস্ট দেয়ার পর থেকেই শিরানকে ঘিরে বিতর্ক শুরু হয়। ম্যাকলমোরের দাবি করেন, নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্রাফট শিরানকে জানিয়েছিলেন, ম্যাকলমোরকে ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে পারফর্ম করতে দেয়া হবে না। সেখানে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শিরানের কনসার্ট হওয়ার কথা রয়েছে।
ম্যাকলমোর বলেন, ক্রাফট এবং অন্য স্টেডিয়াম মালিকরা শিরানকে জানিয়েছিলেন, ৪ সেপ্টেম্বর নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে একটি কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেছেন ম্যাকলমোর। এর পরও যদি র্যাপার ট্যুরে সঙ্গী হন, তাহলে ভেন্যুতে পারফর্ম করতে দেয়া হবে না। এরপর ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে ট্যুরের অন্য সহশিল্পীরাও সরে দাঁড়ান।
স্টেডিয়াম মালিকদের দাবিতে ম্যাকলমোরকে ট্যুর থেকে সরিয়ে নিতে সম্মত হলেও শনিবার শিরান বলেন, কনসার্ট ভেন্যুগুলো শিল্পীদের পরিবেশনের বিষয়বস্তু যাচাই করছে—এটি নিয়ে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। শিরান বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় আমি যেখানে পারফর্ম করি, সেখানে এমনটা ঘটে। কিন্তু মুক্ত বিশ্বে এমনটা কখনোই হওয়া উচিত নয়।’
এড শিরানের পারফরম্যান্সের আগে কনসার্ট ভেন্যু থেকে প্রায় আধা মাইল দূরে ফিলিস্তিনপন্থী কয়েক ডজন বিক্ষোভকারী জড়ো হন। আয়োজকরা জানান, গাজার পরিস্থিতি সম্পর্কে মানুষকে জানানো এবং ফিলিস্তিনিদের পক্ষে কাজ করা স্থানীয় সংগঠনগুলোর কর্মকাণ্ড তুলে ধরতেই তারা সেখানে জড়ো হয়েছেন।