স্বর্ণের কলস উপহার পেলেন অপু বিশ্বাস

‘‌স্বর্ণের কলসটির মূল্য হয়তো সোনায় মাপা যাবে। কিন্তু আমার কাছে এর মূল্য তার চেয়েও অনেক বেশি। এর ভেতরে আছে ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। আজীবন অনেক পুরস্কার, সম্মান পেয়েছি। কিন্তু এই উপহার আমার কাছে সবকিছুর চেয়ে আলাদা। আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।’

দীর্ঘ অভিনয়জীবনে বহু পুরস্কার, সম্মাননা আর দর্শকের ভালোবাসা পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এবার তিনি পেলেন এমন এক উপহার, যা তাঁকে রীতিমতো আবেগাপ্লুত করেছে। ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে প্রতীকী ‘স্বর্ণের কলস’ উপহার পেয়েছেন এই চিত্রনায়িকা।

মঙ্গলবার চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের হাত থেকে বিশেষ এই উপহার নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অপু বিশ্বাস।

ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, ‘‌শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ–বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। পরিবার, দেশের মানুষ ও দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী অসংখ্য মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমার পথচলা। কিন্তু জীবনে এমন একটি দিন আসবে, এমন সম্মান আমার জন্য অপেক্ষা করে থাকবে— কোনোদিন কল্পনাও করিনি। ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি স্বর্ণের কলস! কথাটা শুনতেও অবিশ্বাস্য লাগে। অথচ সেটাই সত্যি হয়ে ধরা দিল আমার জীবনে।’

হঠাৎ এই সারপ্রাইজ পাওয়ার গল্পটি জানিয়ে তিনি লেখেন, ‘‌গতকাল বিকেলে আমি জিম করছিলাম। হঠাৎ চ্যানেল আই থেকে রহমান (সাংবাদিক আবদুর রহমান) ভাইয়ের ফোন। বললেন, ‘কোথায় তুমি? দ্রুত চ্যানেল আইয়ে চলে আসো, জরুরি কাজ আছে।’ কিসের জরুরি কাজ, কেন ডাকছেন— কিছুই জানতাম না। বাসায় ফিরে তড়িঘড়ি করে রেডি হলাম। বসুন্ধরার বাসা থেকে ছুটে গেলাম তেজগাঁওয়ে চ্যানেল আই অফিসে।’

চ্যানেল আই কার্যালয়ে গিয়ে নিজের বিস্ময়ের কথা তুলে ধরে অপু বলেন, ‘‌চ্যানেল আইয়ে ঢুকেই অন্যরকম অনুভূতি হলো। চারপাশের আয়োজন, পরিবেশ, মানুষের মুখের হাসি— সবকিছু যেন বিশেষ মুহূর্তের অপেক্ষায়। তারপর এলো সেই মুহূর্ত। হঠাৎ দেখি সাগর ভাইয়ের হাতে একটি স্বর্ণের কলস। সেটি নাকি আমার জন্যই! সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে যাই। চ্যানেল আইয়ের মতো দেশের এত বড় একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ আমাদের সাগর ভাই— তাঁর হাত থেকে এমন সম্মাননা গ্রহণ করছি! ওই মুহূর্তে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলি। অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি।’

ফরিদুর রেজা সাগরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘‌আমরা সবাই জানি, চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়; শিল্পীদের প্রাণের জায়গা। আর সাগর ভাই আমাদের কাছে একজন অভিভাবকের মতো। জীবনের নানা সংকট, দুঃসময় কিংবা পেশাগত কাজেও তাঁকে সবসময় পাশে পেয়েছি। তাঁর পরামর্শ, স্নেহ, মমতা আর ছায়া আমাদের সাহস জুগিয়েছে। সেই তিনি আমাকে এভাবে সম্মানিত করবেন, এভাবে ভালোবাসার ঋণে আবদ্ধ করবেন— কোনোদিন ভাবিনি।’

উপহারটির গুরুত্ব বোঝাতে গিয়ে অপু বিশ্বাস আরও যোগ করেন, ‘‌স্বর্ণের কলসটির মূল্য হয়তো সোনায় মাপা যাবে। কিন্তু আমার কাছে এর মূল্য তার চেয়েও অনেক বেশি। এর ভেতরে আছে ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। আজীবন অনেক পুরস্কার, সম্মান পেয়েছি। কিন্তু এই উপহার আমার কাছে সবকিছুর চেয়ে আলাদা। আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।’

আরও