আজ বগুড়ায় শুরু হচ্ছে ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে তিন দিনব্যাপী এ উৎসব চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব স্লোগানে আয়োজিত এবারের উৎসবে অংশ নিচ্ছে ৩২ দেশের মোট ৭৪টি চলচ্চিত্র।
উৎসবের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
উৎসব পরিচালক সুপিন বর্মণ জানান, এ বছর সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে। আন্তর্জাতিক শর্ট, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম, ওপেন ডোর শর্ট ক্যাটাগরির পাশাপাশি থাকছে ন্যাশনাল ফিল্ম কম্পিটিশন। প্রতিটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি অনারেবল মেনশন অ্যাওয়ার্ডও দেয়া হবে।
চলচ্চিত্র বাছাই ও বিচার কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয়েছে অভিজ্ঞ জুরি বোর্ড। জুরি বোর্ডে রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, মোহাম্মদ রকিবুল হাসান, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, গীতিকার ও সাংবাদিক মাহমুদ মানজুর। আন্তর্জাতিক জুরিদের মধ্যে রয়েছেন রাশিয়ার চলচ্চিত্র বিশেষজ্ঞ আনাস্কিন সার্জে, ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি, ইরানের নির্মাতা মারিয়ম ঘাসেমি ও নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান সন্তোষ সুবেদী।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে থাকছে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা। মধুবন সিনেপ্লেক্সে আজ ও আগামীকাল বেলা ৩টা থেকে এবং ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ ও আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে প্রদর্শনী।
এবারের উৎসবে ছয়টি দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী উপস্থিত থাকছেন।