গতকাল শুরু হয়েছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় আট দিনব্যাপী এ উৎসবের। এই সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সালমান এফ রহমান।
অন্য সব বারের মতো এবারো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম সব্যসাচী চক্রবর্তী ও শ্রীলেখা মিত্রসহ আরো একাধিক অতিথি অংশ নিয়েছিলেন এবারের আয়োজনে।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসরে আটদিনে ১০টি বিভাগে বিশ্বের ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শন করা হবে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হয়েছে ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটি দেখানো হয়েছে।
এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় বিভিন্ন দৈর্ঘ্যের ৮২টি সিনেমা প্রদর্শিত হবে। হাওয়া, বিউটি সার্কাস, দামাল, পাপ পুণ্য, সাঁতাও, দেশান্তরসহ বেশকিছু আলোচিত সিনেমা রয়েছে তালিকায়। ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’। এছাড়া ‘অপরাজিত’, ‘অভিযান’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ঝরা পালক’, সাই পল্লবি অভিনীত ‘গার্গি’ ও ‘মহানন্দা’র মতো সিনেমা বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে। ১৫ জানুয়ারি বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শন করা হবে আশিক মোস্তফা পরিচালিত ‘থার্টি-ফাইভ’ এবং সন্ধ্যা ৭টায় সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘যা হারিয়ে যায়’ সিনেমা দুটি। পরদিন একই স্থানে বিকাল ৫টায় দেখানো হবে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। জাদুঘরের মূল মিলনায়তনে ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ‘বিউটি সার্কাস’ প্রদর্শিত হবে। একই সময়ে ১৮ জানুয়ারি ‘দামাল’ ও ১৯ জানুয়ারি ‘পাপ পুণ্য’ এবং ২০ জানুয়ারি দেখানো হবে ‘সাঁতাও’। ২১ জানুয়ারি একই মিলনায়তনে বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় দেখা যাবে যথাক্রমে ‘দেশান্তর’ ও ‘মৃত্যুঞ্জয়ী’। উৎসবটি চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।