ইমন সাহার প্রথম সিনেমায় সাইমন

গ্রামের বাউল ঘরের এক মেয়ের মিউজিক্যাল জার্নি নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। সংগীতের জন্য গ্রাম থেকে শহরে আসা সেই বাউলের জীবনের নানা সংগ্রামের গল্প দেখা যাবে এতে।

২০২২ সালের শেষ দিকে জানা গিয়েছিল সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা বসছেন পরিচালকের আসনে। বানাচ্ছেন ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা। তিন বছর পর ইমন সাহা জানালেন, পরিকল্পনা বদল করেছেন তিনি। স্বল্পদৈর্ঘ্যটি তৈরি করছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে। মুক্তি দেবেন প্রেক্ষাগৃহে।

মিউজিক্যাল ফিল্মটির গল্প নিয়ে গণমাধ্যমকে ইমন সাহা জানান, গ্রামের বাউল ঘরের এক মেয়ের মিউজিক্যাল জার্নি নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। সংগীতের জন্য গ্রাম থেকে শহরে আসা সেই বাউলের জীবনের নানা সংগ্রামের গল্প দেখা যাবে এতে। ইমন সাহা বলেন, ‘এখানে এক নারীর সাইকোলজিক্যাল জার্নির পাশাপাশি জীবনের জার্নি দেখানোর চেষ্টা করেছি। মানুষের জীবনে যেকোনো জার্নিতে অনেক বাধা-বিপত্তি থাকে। অনেক ক্ষেত্রে নিজের ভ্যালুর সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। সেগুলো তুলে ধরা হয়েছে।’

এর আগে জানা গিয়েছিল, সিনেমাটিতে অভিনয় করবেন জীতু আহসান ও জিনাত শানু স্বাগতা। তবে নির্মাতা জানালেন, শেষ পর্যন্ত দুজনের কেউই এ সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পারেননি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ অনেকে। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি আছে। শিগগিরই সব কাজ শেষে মুক্তির প্রস্তুতি নেবেন। চলতি বছরই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান ইমন সাহা।

আরও