ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর নিয়মিতভাবে উদযাপিত হয়ে আসছে ‘সংগীত উৎসব’। সেই ধারাবাহিকতায় এবারো আয়োজিত হচ্ছে সংগীত উৎসব। সভাপতিত্ব করবেন সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াঙ্কা গোপ। আজ বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত ‘সঙ্গীত উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হবে। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর’ : সুরবৈচিত্র ও ভাবনার প্রাসঙ্গিকতায় কাজী নজরুল ইসলাম’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। উৎসবে সংগীত বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও দেশবরেণ্য শিল্পীরা নজরুল সঙ্গীত পরিবেশন করবেন। এর পাশাপাশি গুনীজনদের সম্মাননা প্রদান, নীলুফার ইয়াসমিন স্মারক বৃত্তি প্রদান, শহিদুল ইসলাম স্মারক বৃত্তি প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে। বিকাল তিনটায় প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। বিকাল চারটায় নজরুলের গান, নৃত্য, কবিতা ও পাঠ-এর আসর সম্পন্ন হবে। রাত দশটার মধ্যে ধন্যবাদ জ্ঞাপন ও জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে প্রিয়াঙ্কা গোপের সভাপতিত্বে দ্বিতীয়বারের মতো এ উৎসব শেষ হবে। অনুষ্ঠানে ফাতেমা তুজ জোহরা, খায়রুল আনাম শাকিল, টিটু মুন্সী, মৃদুলা সমাদ্দার, দীপা দাশ’সহ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, নৃত্যকলা বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরর্ম্যান্স স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃত্তি, গজল পরিবেশন করবেন।
প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘গত বছর লোক সংগীত নিয়ে উৎসব করেছি, এ বছর নজরুল সঙ্গীত নিয়ে। অস্থির একটা সময়ে এমন উৎসব করার মধ্যেও শিক্ষার্থীরা প্রবল আগ্রহ নিয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষক এবং অন্যান্য কলাকুশলীরা দিন রাত অনেক শ্রম দিচ্ছেন। গত বছর বিভাগের ইউটিউব চ্যানেলে (ডিপার্টম্যান্ট অব মিউজিক, ইউনিভার্সিটি অব ঢাকা) চালু করা হয়েছিল যেখানে শিক্ষকদের একটি গান প্রকাশ করা হবে। যদিও প্রতি বছর দু’দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয় কিন্তু এ বছর আর্থিক যোগান সময় স্বল্পতা এবং দেশের সার্বিক পরিস্থিতি সবমিলিয়ে একদিনেই এই উৎসব অনুষ্ঠিত হবে। তবুও আনন্দ লাগছে, কারণ এই উৎসবের জন্য সারা বছর সবাই অধীর আগ্রহে অপেক্ষা থাকেন। যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত, তাই প্রত্যাশা সবাই আমাদের সঙ্গে কন্ঠ মেলাবেন।’
উল্লেখ্য, এই উৎসব উপলক্ষে গতকালই বিশ্ববিদ্যালয়ে উৎসব র্যালিও সম্পন্ন হয় বিভাগের পক্ষ থেকে। উৎসব উপলক্ষে একটি রঙ্গিন স্মরনিকাও প্রকাশিত হবে।