বছরজুড়েই নাট্যদল ‘সময়’-এর নাটক মঞ্চায়ন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর মঞ্চস্থ হতে যাচ্ছে ইতিহাসনির্ভর মঞ্চনাটক ‘ভাগের মানুষ’। রাজধানীতে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শন হবে নাটকটি। এটি সময় নাট্যদলের ২৬তম প্রযোজনা।
১৯৯৭ সাল থেকে সময় ভাগের মানুষ নাটকটির মঞ্চায়ন করছে। দেশ ও দেশের বাইরেও নিয়মিত মঞ্চায়ন হয় এ নাটক। ভাগের মানুষ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আকতারুজ্জামান, রেজাউর রহমান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, মানসুরা আক্তার লাভলী, পাভেল ইসলাম, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, সাইফুল বাবু, সানি, চন্দন বোস, সাবিহা সুলতানা, সাঈফ, রাকিব আল হাসান প্রমুখ।
উপমহাদেশের প্রখ্যাত লেখক সাদত হাসান মান্টোর ছোটগল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা। সহযোগী নির্দেশনায় আছেন আকতারুজ্জামান, পোস্টার ডিজাইন করেছেন রফিকুন নবী, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী, কণ্ঠশিল্পী সুনীতা বড়ুয়া ও রূপসজ্জা প্রয়োগ করেছেন মোহাম্মদ আলী বাবুল।
১৯৪৭ সালের দেশভাগের কয়েক বছর পরের ঘটনা দিয়ে শুরু নাটকের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাস্পের তেজ তখনো নেভেনি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনো জ্বলজ্বল করছে মানুষের বুকে।
মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এ মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনিময়ে পাগল। এভাবেই এগিয়ে যাবে ‘ভাগের মানুষ’ নাটকের গল্প।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় নাট্যদল জানায়, বিজয় দিবসের প্রদর্শনীর টিকিট মূল্য ৫০০, ৩০০ ও ২০০ টাকা। প্রদর্শনীর দিন বিকাল ৪টা থেকে হলের কাউন্টারে টিকিট পাওয়া যাবে।