হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন।
কাশিমপুর কারাগারের অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর শমী কায়সার কারাগার ত্যাগ করেছেন।
অভিযোগপত্র অনুযায়ী, গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। ওইদিন উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিল চলাকালে হামলাকারীদের ছোড়া গুলির একটি তার বাঁ কাঁধে লাগে। চিকিৎসা শেষে তিনি সুস্থ হন।
পরে ২২ আগস্ট জুবায়ের উত্তরা পূর্ব থানায় ১১ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন। নাম উল্লেখিত আসামিদের মধ্যে শমী কায়সারের নামও ছিল।
গত ৮ ডিসেম্বর এই মামলায় হাইকোর্ট থেকে তিন মাসের জামিন পান শমী কায়সার। তবে ১২ ডিসেম্বর আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে। পরে গত সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ থেকে তিনি জামিন পান।