ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে একাধিক কনসার্টে গান করবেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী র্যাপার ম্যাকলমোর। গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক যুদ্ধের’ বিরুদ্ধে কথা বলার পর সম্প্রতি এড শিরানের ইউএস ট্যুর থেকে বাদ পড়েন তিনি। বিতর্কিত এ কাণ্ডের পর সপ্তাহ দু-এক পর এ ঘোষণা দিলেন ম্যাকলমোর। খবর আল জাজিরা।
মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইয়ে প্রতি মাসে ৪৩ বছর বয়সী এ মার্কিন র্যাপারের গান শোনেন ৪ কোটি শ্রোতা। গতকাল তিনি ‘ফ্রি প্যালেস্টাইন ট্যুর’ ঘোষণা করেন। অক্টোবরের শেষ দিকে ডাবলিন, প্যারিস ও লন্ডনে এসব কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ম্যাকলমোর বলেন, আরো কয়েকজন সংগীতশিল্পী এ সফরে তার সঙ্গে যোগ দেবেন। শিগগিরই তাদের নাম ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রে কনসার্ট আয়োজনের কাজও বর্তমানে চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, এই সফর থেকে পাওয়া সব অর্থ ফিলিস্তিনি জনগণকে সহায়তা করা বিভিন্ন উদ্যোগ এবং বৃহত্তর আন্দোলনে দান করা হবে।
এক বিবৃতিতে ম্যাকলমোর বলেন, ‘গত কয়েক সপ্তাহে যদি কোনো বিষয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে থাকে, তা হলো গত তিন বছরে কিছু একটা বদলে গেছে।’
তিনি বলেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একটি সম্মিলিত জাগরণ তৈরি হয়েছে। এ আহ্বানকে যারা দমন করার চেষ্টা করে, সেই বিলিয়নেয়ারদের ক্ষমতা নিয়েও মানুষ ভাবছে। একইসঙ্গে এখন শিল্পীদের কাছ থেকে আমরা কী প্রত্যাশা করি, সেটিও বদলেছে। ২০২৬ সালে এসে গণহত্যার মতো পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থান না নেয়া আর কাজ করে না।’
তিনি আরো বলেন, ‘মানুষ এখন শিল্পীদের এগিয়ে আসতে, নিজেদের শিক্ষিত করতে এবং মানুষের সঙ্গে একাত্ম হতে বলছে। শুধু বিনোদন দেয়ার বাইরে মঞ্চকে আরো বড় কাজে ব্যবহার করতে বলছে। “ফ্রি প্যালেস্টাইন” আহ্বানকে স্তব্ধ করার চেষ্টা হলে তার প্রতিবাদ করতে বলছে।’
ইংরেজ পাঙ্ক-র্যাপ জুটি বব ভাইলান এই সফরের প্রতি সমর্থন জানিয়েছে। ম্যাকলমোরের ইনস্টাগ্রাম পোস্টে তারা হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানায়। চার মিলিয়নের বেশি ইনস্টাগ্রাম অনুসারী থাকা ব্রিটিশ ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার চাঙ্কজও ম্যাকলমোরের প্রশংসা করেন।
গত ৪ সেপ্টেম্বর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে অন্যতম উদ্বোধনী শিল্পী হিসেবে পারফর্ম করেন ম্যাকলমোর। সেখানে তিনি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান।
ওই সময় দর্শকদের উদ্দেশে ম্যাকলমোর বলেন, ‘আমি শুরু থেকেই এ সফর করতে চেয়েছিলাম, তার একটি বড় কারণ হলো এমন স্টেডিয়ামে দাঁড়িয়ে আমার হৃদয়ের খুব কাছের দুটি শব্দ বলতে পারা। ফ্রি প্যালেস্টাইন। আমার বার্তা শান্তির জন্য— সব মানুষের মর্যাদা, সম্মান ও সমান অধিকার পাওয়ার পক্ষে।’
এর পরই ম্যাকলমোর ঘোষণা করেন, তাকে শিরানের সফর থেকে বাদ দেয়া হয়েছে।
পরে ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্র্যাফট নিশ্চিত করেন, ম্যাকলমোরকে সেখানে পারফর্ম করতে দেয়া হবে না। এ র্যাপারের ‘ইহুদিবিদ্বেষী বক্তব্য ও প্রতীক প্রচারের দীর্ঘ ইতিহাস’ রয়েছে বলে বর্ণনা করেন ক্র্যাফট। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কারণেই ম্যাকলমোরকে তার স্টেডিয়ামে পারফর্ম করতে দেয়া ‘সীমা অতিক্রম’ করার শামিল হবে।
ক্র্যাফট একজন ইহুদি-মার্কিন বিলিয়নিয়ার এবং তিনি ইসরায়েলের বিভিন্ন উদ্যোগে অনুদান দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানার আওতায় থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৯ সালে বলেছিলেন, ক্র্যাফটের চেয়ে ইসরায়েলের ‘আরও বিশ্বস্ত বন্ধু’ নেই।