প্রথমবারের মতো প্লেব্যাক করলেন কনক দত্ত

শিল্পী কনক দত্তের দীর্ঘদিনের সংগীত ক্যারিয়ারে যুক্ত হলো নতুন অধ্যায়। প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি।

সম্প্রতি ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘‌ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘হৃদয়ের জমিনে’। কথা ও সুর করেছেন ওয়ালিদ আহমেদ। সংগীত পরিচালনা করেছেন রুবেল ফ্লাইং কাইটস।

এ প্রসঙ্গে সংগীতশিল্পী কনক দত্ত বলেন, ‘সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেক বছর ধরে গান করছি, তবে চলচ্চিত্রে প্লেব্যাক করার সুযোগ এবারই প্রথম পেলাম। প্রতিটি শিল্পীর স্বপ্ন থাকে প্লেব্যাক করার। ঢাকা ১২০৫-এর সঙ্গে যুক্ত হয়ে সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নির্মাতা আমার কণ্ঠে আস্থা রেখেছেন, এজন্য আমি কৃতজ্ঞ।’

সংগীত পরিচালক রুবেল ফ্লাইং কাইটস বলেন, ‘হৃদয়ের জমিনে’ গানটি একদম মনে দাগ কাটার মতো। কণ্ঠশিল্পী কনক দত্ত একজন বিনয়ী গুণীশিল্পী। তার ব্যতিক্রম কণ্ঠ ও চ্যালেঞ্জ নেয়ার দক্ষতা আমায় মুগ্ধ করেছে।’

ঢাকা ১২০৫ চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘হৃদয়ের জমিনে’ গানটির জন্য আমরা এমন একজন শিল্পী খুঁজছিলাম, যিনি সুরের পাশাপাশি গানের আবেগটিও সঠিকভাবে তুলে ধরতে পারবেন। কনক দত্ত সে কাজটি সফলভাবে করেছেন। ঢাকা ১২০৫ চলচ্চিত্রের এ গানের আবহের সঙ্গে তার কণ্ঠ খুব সুন্দরভাবে মিশে গেছে। আমরা বিশ্বাস করি, গানটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকসংগীত, ধ্রুপদি ও আধুনিক গানের চর্চার মাধ্যমে কনক দত্ত সংগীতপ্রেমীদের কাছে একজন পরিচিত মুখ। অডিও গান ও মঞ্চ পরিবেশনার বাইরে এবার বড় পর্দার দর্শকের কাছেও তার কণ্ঠ পৌঁছানোর সুযোগ তৈরি হলো।

প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য ঢাকা ১২০৫ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও অভিনেতা রাকিব হোসাইন।

আরও