কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় নিজ আবাসনের ছাদ থেকে পড়ে মারা গেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় টলিউডজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে স্থানীয় একাধিক সংবাদমাধ্যম।
জানা গেছে, গড়িয়াহাট এলাকার একটি বহুতল আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় অনীক দত্তকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শুধু স্থানীয় থানার পুলিশ নয়, গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার কর্মকর্তারাও তদন্তে নেমেছেন। কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন—তা এখনো স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় কয়েকজনের দাবি, আবাসনের সামনে থাকা একটি গাছের ডাল ভাঙা অবস্থায় দেখা গেছে। ধারণা করা হচ্ছে, নিচে পড়ার আগে সেটিতে ধাক্কা লেগে থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অনীক দত্ত। তার প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত গণমাধ্যমকে জানিয়েছেন, একটি ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনই তিনি মন্তব্য করতে চান না।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান অনীক দত্ত। ভৌতিক গল্পের আড়ালে রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গ তুলে ধরার জন্য ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর তিনি নির্মাণ করেন আশ্চর্য প্রদীপ এবং অপরাজিত-এর মতো আলোচিত চলচ্চিত্র।
সম্প্রতি ‘অপরাজিত ২’এর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অনীক দত্ত। এছাড়া গত দুর্গাপূজায় মুক্তি পাওয়া তার ছবি ‘যত কাণ্ড কলকাতায়’ নিয়েও আলোচনা ছিল। ঘনিষ্ঠ সূত্রের দাবি, গত কয়েক মাস ধরে তিনি বাড়িতে একাই থাকতেন, আর তার মেয়ে মুম্বাইয়ে বসবাস করছেন।