এবারের ঈদ ইত্যাদিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ ও ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এ দুই শিল্পী কখনো একসঙ্গে অভিনয় না করলেও ইত্যাদিতে তারা গাইলেন চমৎকার একটি রোমান্টিক গান। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন দুই অভিনয়শিল্পী। উল্লেখ্য, অভিনেতা সিয়াম ও হিমির টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায় গানটির মাধ্যমেই দুই অভিনয়শিল্পীর কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটল।
গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির এ ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে।
উল্লেখ্য, প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীত শিল্পী হিসেবে উপহার দিয়েছিলেন তাসনিয়া ফারিনকে। তিনি তাহসানের সঙ্গে দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকরা শুধু তাদের অভিনয় করতেই দেখেছেন, এবার ইত্যাদিতে দেখবেন সংগীত শিল্পী হিসাবে। এ গানটি ব্যাপক জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।
প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।