হূদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। প্রায় দেড় মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মাত্র ৫৮ বছর বয়সে পরপারে পাড়ি দিলেন তিনি। গত মাসে ট্রেডমিলে দৌড়ানোর সময় বুকে ব্যথা অনুভব করেন, এক পর্যায়ে পড়ে যান এ কমেডিয়ান। পরে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাক হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে স্থানান্তর করতে হয়েছিল রাজুকে। চিকিৎসার এক পর্যায়ে কিছুটা সাড়া দিলেও পরে শারীরিক অবনতি হতে থাকে তার।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে সবার নজরে আসেন রাজু শ্রীবাস্তব। ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর ভারতের কানপুরে জন্ম রাজুর। তার আসল নাম সত্য প্রকাশ শ্রীবাস্তব। পরে বিনোদন জগতে আসার সময় তিনি ডাকনাম রাজু দিয়ে পরিচিতি পান। কৌতুক রসের রাজুকে ভারতের অন্যতম সেরা কৌতুকশিল্পী বলে মনে করা হয়। দেশের বাইরেও সমান জনপ্রিয় ছিলেন তিনি। জনপ্রিয় কৌতুকানুষ্ঠান কমেডি নাইটস উইথ কপিলেও অতিথি হিসেবে রাজু হাজির হয়েছিলেন কয়েকবার। এছাড়া বিগ বস, নাচ বালিয়ে, দি ইন্ডিয়ান মজাক লিগেও দেখা গিয়েছে তাকে। কৌতুকশিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠার আগে অনেক বলিউড সিনেমায়ও ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন রাজু। এমনকি ম্যায়নে প্যায়ার কিয়া ও বাজিগরের মতো সফল বলিউড সিনেমায়ও ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। রাজু ছিলেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কৌতুকশিল্পী। উত্তর প্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান তিনি। পদটিতে দীর্ঘদিন দায়িত্ব সামলিয়েছেন এ শিল্পী।
সূত্র: হিন্দুস্তান টাইস