নির্মাতা মনসুর আলম নির্ঝর ঈদ উপলক্ষে বেশ কয়েকটি কাজ করেছেন। লকডাউনের আগেই শেষ করেছেন নাটক ‘শেষ বেলায়’-এর কাজ। নাটকটির মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সারিকা সাবরিন, ফয়সাল হাসান, জয়নাল জ্যাক প্রমুখ। এটি মনসুর আলম নির্ঝরের ৫০তম নির্মাণ। নাটকটি লিখেছেন নির্ঝর নিজেই।
নির্ঝরের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তুমি রবে নীরবে’,
‘হাইওয়ে’,
‘কিছুটা সময়’,
‘ছাড়পত্র’,
‘কালো মেয়ে’,
‘আয়না’,
‘একটি জরুরি কথা ছিল’,
‘ইন্টারভিউ’,
‘আফটার ব্রেক’,
‘ব্লাইন্ড ইমোশনস’,
‘মধ্যম মানুষ’,
‘নীলকণ্ঠ পাখির অপেক্ষায়’,
‘লাভ রাইড’
ইত্যাদি। নিয়মিত একক নাটকের পাশাপাশি চ্যানেল টোয়েন্টিফোরের ক্রাইম ফিকশন ধারাবাহিকের চলতি সিজনসহ তিনটি সিজনের পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বও পালন করছেন।
শিগগিরই মুক্তি পাবে মনসুর আলম নির্ঝরের ওয়েব ফিল্ম ‘জার্নি টু ঢাকা’। প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দায় কাজ শুরু করার। নিজের ৫০তম নাটক ও এখনকার ব্যস্ততা প্রসঙ্গে মনসুর আলম নির্ঝর বণিক বার্তাকে বলেন, ‘আয়োজন করে নির্মাতা হইনি। একবার যখন মাথায় গল্প বলার পোকা ঢুকল তখন টানা ছয় বছর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। এর পরের জার্নিটা একান্তই আমার। কতটা পেরেছি দর্শকই ভালো বলতে পারবেন।’