খালেদা জিয়া প্রয়াত হলেন আজ সকালে। তার মৃত্যুতে শোকে মূহ্যমান দেশের বিনোদন অঙ্গণও। খালেদা জিয়ার জন্য শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন তারকা, অভিনেতা, সংগীতশিল্পী ও নির্মাতারা।
অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে লেখেন, ‘বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।
সামরিক–শাসন বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তার সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো।
তার আত্মা চিরপ্রশান্তি লাভ করুক।’
অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসকে সংজ্ঞায়িত করা একজন ব্যক্তিত্ব। তার নেতৃত্ব এবং জনসেবার বছর বাংলাদেশে স্থায়ী ছাপ রেখে গেছে। আমরা তার পরিবার এবং যারা তার মৃত্যুতে শোকপ্রকাশ করছি তাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’
তিনি আরো লেখেন, ‘আল্লাহ তাকে শান্তি ও রহমত দান করুন। জাতি তাকে সম্মান, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’