বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের সব অঙ্গনেই শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গণের শিল্পীরাও।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে নগরবাউল জেমস তার ফেসবুকে লিখেছেন, ‘শোক ও বিনম্র শ্রদ্ধা।বাংলাদেশের নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
পোস্টে আরো লেখা হয়েছে, ‘মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন—আমিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
নায়ক শাকিব খানের ফেসবুক পেইজেও শোক প্রকাশ করা হয়েছে। লেখা হয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’