প্রাক্তনের প্রেমিকের কাছে লেখা ‘‌গডফাদারের’ ভুলেভরা চিঠি প্রকাশ্যে

প্রেমিকা ছেড়ে যাওয়ার পরও তার জন্য ব্যাকুল ছিলেন ‘গডফাদার’-খ্যাত হলিউড তারকা মার্লন ব্র্যান্ডো। এক প্রকার মরিয়া হয়েই প্রাক্তনের নতুন প্রেমিককে অনুনয় প্রকাশ করে চিঠি লিখেছিলেন

প্রেমিকা ছেড়ে যাওয়ার পরও তার জন্য ব্যাকুল ছিলেন ‘গডফাদার’-খ্যাত হলিউড তারকা মার্লন ব্র্যান্ডো। এক প্রকার মরিয়া হয়েই প্রাক্তনের নতুন প্রেমিককে অনুনয় প্রকাশ করে চিঠি লিখেছিলেন।

চিঠিতে সোলাঞ্জ পোডেল নামে ওই তরুণকে ব্রান্ডো অনুরোধ করেছেন, যেন তার প্রেমিকার জীবন থেকে সরে যান। ১৯৪০ এর দশকের শেষদিকে লেখা চিঠিটি সামনে এসেছে সম্প্রতি। সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ঐতিহাসিক এই চিঠি নিলামে ১৫ হাজার ডলার পর্যন্ত দাম তুলতে পারে।

বানান ভুলেভরা চিঠিতে ব্রান্ডো ওই যুবককে বলেছেন, ‘‌দয়া করে আমাকে বর্বর ভাববেন না। আমি আমার নিজের অনুভূতির জন্য আপনার অনুভূতিকে আঘাত করতে চাই না। কিন্তু আপনি তো জানেন, তাকে আমি আগে ভালোবেসেছি, আপনি নন। আপনি আমার প্রেমিকাকে ভুলে যান। তার সঙ্গে সম্পর্ক শেষ করে দিন।’

ব্র্যান্ডো লিখেছেন, ‘‌দয়া করে আমার চিঠিটি সহজভাবে নিন। আমি অনেক অধিকার ও আন্তরিকতা নিয়ে লিখছি। আমি দুঃখিত, যদি স্বার্থপরের মতো ব্যবহার করে থাকি, আসলে আমি আবেগে অস্থির। আমি এর চেয়ে সহনশীল আচরণ করতে পারছি না। আশা করছি, আপনার সঙ্গে আগামী অক্টোবরে যখন আমার দেখা হবে, তখন আমি আরেকটু পরিণত আচরণ করতে পারব।’

শেষে পুনশ্চ যোগ করে মার্লন লিখেছেন, ‘‌দয়া করে আপনার মাকে আমার কথা বলবেন, আশা করি তিনি আমার কথা বুঝতে পারবেন।’

প্রসঙ্গত, ওই তরুণীকে শেষপর্যন্ত কাছে পাননি ব্র্যান্ডো। তার সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদে পরই অভিনয়ে মনোযোগ দেন কিংবদন্তি তারকা। পরে তিনি ‘‌অন দ্য ওয়াটারফ্রন্ট’ ও ‘‌দ্য গডফাদার’ ছবি দুটিতে অভিনয় করে দুবার সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন।

দুষ্প্রাপ্য চিঠিটি নিলামে তুলবে বোস্টনস আরআর নামে একটি প্রতিষ্ঠান। আগামী ৯ ফেব্রুয়ারি চিঠিটির ডাক শেষ হতে পারে।

আরও