‘ডন থ্রি’ বিতর্ক

রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে নামলেন ভাইজান

ফারহান আখতারকে ‘বলিউডের ভাইজান’ বুঝিয়েছেন যে সৃজনশীল মতপার্থক্য বলিউডে নতুন কিছু নয়; বহু দশক ধরেই এমন ঘটনা ঘটে আসছে। একই সঙ্গে তিনি রণবীর সিংয়ের সঙ্গেও দীর্ঘ আলোচনা করে তার অবস্থান বোঝার চেষ্টা করেছেন

বলিউডে ‘ডন থ্রি’ সিনেমা ঘিরে চলমান বিতর্কে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামলেন সালমান খান। অভিনেতা রণবীর সিং ও পরিচালক-প্রযোজক ফারহান আখতারের মধ্যে তৈরি হওয়া বিরোধ মেটাতে তিনি উদ্যোগী হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, পুরো বিষয়টি যেন বড় কোনো আইনি জটিলতা বা প্রকাশ্য কাদা ছোড়াছুড়িতে না গড়ায়, সে কারণেই সালমান খান দুই পক্ষের সঙ্গে আলাদা করে কথা বলেছেন।

একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, রণবীর সিং ও আখতার পরিবার উভয়েরই ঘনিষ্ঠ সালমান খান। তিনি দুই পক্ষকেই ফোন করে সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করতে অনুরোধ করেছেন।

সূত্রটি জানায়, ফারহান আখতারকে ‘বলিউডের ভাইজান’ বুঝিয়েছেন যে সৃজনশীল মতপার্থক্য বলিউডে নতুন কিছু নয়; বহু দশক ধরেই এমন ঘটনা ঘটে আসছে। একই সঙ্গে তিনি রণবীর সিংয়ের সঙ্গেও দীর্ঘ আলোচনা করে তার অবস্থান বোঝার চেষ্টা করেছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, সালমান চাইছেন যেন কেউ নিজেকে ‘ক্ষতিগ্রস্ত’ বা ‘সাবোটাজের শিকার’ মনে না করেন। তিনি দুই পক্ষকেই ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করার কথাও ভাবতে বলেছেন, যখন বর্তমান উত্তেজনা কমে যাবে।

কী নিয়ে শুরু হয়েছিল বিতর্ক?

‘ডন থ্রি’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ২০২৩ সালে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। এর আগে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।

তবে সম্প্রতি রণবীর সিং হঠাৎ করেই প্রজেক্টটি থেকে সরে দাঁড়ান। এরপরই প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইন অভিযোগ করে, অভিনেতার শেষ মুহূর্তের সিদ্ধান্তে তাদের প্রায় ৪৫ কোটি রুপির ক্ষতি হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) রণবীর সিংয়ের বিরুদ্ধে অবস্থান নেয়। সংগঠনটি জানায়, রণবীরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলেও তিনি সাড়া দেননি। এমনকি বলিউডের চার লাখের বেশি কলাকুশলীকে তার সঙ্গে কাজ না করার নির্দেশনাও দেয়া হয়।

যদিও রণবীর সিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি কখনো প্রকাশ্যে পাল্টা প্রতিক্রিয়া দিতে চাননি এবং পুরো বিষয়টি মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সামলাতে চেয়েছেন।

সালমান কী চান?

প্রতিবেদন অনুযায়ী, সালমান খান চান না যে রণবীর ও ফারহানের মধ্যে আইনি লড়াই শুরু হোক কিংবা চলচ্চিত্র সংগঠনগুলো পর্যাপ্ত তথ্য ছাড়াই কোনো কঠোর সিদ্ধান্ত নিক।

তিনি নাকি দুই পক্ষকেই বলেছেন, তৃতীয় কোনো পক্ষকে না জড়িয়ে নিজেদের মধ্যেই সমস্যা মিটিয়ে ফেলতে। এমনকি নিজেকেও এই আলোচনার বাইরে রাখতে বলেছেন তিনি।

একই সঙ্গে সালমান খান ফারহান আখতারের আর্থিক ক্ষতির বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে তিনি রণবীর সিংকে নতুন কোনো বড় প্রজেক্ট দ্রুত শুরু করার পরামর্শ দিচ্ছেন, যাতে তার সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’-এর সাফল্যের ধারাবাহিকতা কাজে লাগানো যায়।

আরও