তেত্রিশ বছরের ক্যারিয়ারে অভিনয় ক্যারিয়ার অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পেয়েছেন বিশ্বজুড়ে অসামান্য জনপ্রিয়তা। তবে দীর্ঘ কর্মজীবনের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা ছিল অধরা। অবশেষে কিং খানের মুকুটে সেই পালকও যুক্ত হচ্ছে।
অভিনয় জীবনে এই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তি পাওয়া 'জাওয়ান' সিনেমার জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি। তার সঙ্গে পুরস্কারটি পাচ্ছেন 'টুয়েলভ ফেল' খ্যাত বিক্রান্ত ম্যাসি।
আজ শুক্রবার (১ আগস্ট) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এখন শুধু পুরস্কার হাতে ওঠার অপেক্ষা।
২০২৩ সালের ৭ সেপ্টেম্বর অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সারা বিশ্বে মুক্তি পায়। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। ভারতে মুক্তির এক দিন পর সিনেমাটি মুক্তি পায় বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে।