১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষ পরাধীনতার শেকল ভেঙে বিজয় অর্জন করে। আজ মহান বিজয় দিবস। আজকের দিনটি ঘিরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে দেশের টেলিভিশন চ্যানেলগুলো।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘তাহার সন্ধানে’। আকরাম খানের রচনা ও নির্দেশনায় এটি প্রযোজনা করেছেন মো. নাসির উদ্দিন। আজ রাত ৯টায় বিটিভির পর্দায় দেখা যাবে নাটকটি।
এতে অভিনয় করেছেন ত্রপা মজুমদার, তনয় বিশ্বাস, আরমান পারভেজ মুরাদ, শেখ স্বপ্না, আকরাম খান, আদ্রিতাসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে প্রবাসী বাঙালি মুক্তিযোদ্ধা ফরহাদ প্রতি বছর একাত্তরে হারিয়ে যাওয়া প্রেমিকার সন্ধানে দেশে আসেন। ফরহাদের অনুসন্ধানে যুক্ত হয় তরুণ প্রামাণ্য চলচ্চিত্রকার রাকিব ও তার বান্ধবী শেমন্তি। এ নিয়েই এগিয়ে যাবে নাটকের গল্প।
এছাড়া বিজয় দিবসে বিটিভিতে প্রচার হবে দেশাত্মবোধক গান, জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান, বিশেষ সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, স্মৃতিচারণ ও সাক্ষাৎকারসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সংগীতানুষ্ঠান, বাংলা ছায়াছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, বঙ্গভবন থেকে সরাসরি রাষ্ট্রীয় সংবর্ধনা, বিশেষ নৃত্যানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান ও আলোচনানুষ্ঠান।
দেশের বেসরকারি টেলিভিশনগুলোয়ও রাখা হয়েছে বিজয় দিবসের বিশেষ আয়োজন। বিজয় দিবস কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানমালা সাজানো হয়েছে এনটিভিতে। সকাল ৬টা ১৫ মিনিটে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান কবিতায় মুক্তিযুদ্ধ। সৌমিত্র শেখরের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন রুবি রহমান, নির্মলেন্দু গুণ, কামাল চৌধুরী, রবিউল হুসাইন, মাহিদুল ইসলাম ও তামান্না ডেইজী। সকাল ৮টা ৪৫ মিনিটে থাকছে সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমা ‘আমার দেশ আমার প্রেম’। এ সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিতি, আলীরাজ, মাসুদ রানা, আবুল হায়াত, খলিল, আনোয়ার হোসেন, আনোয়ারা প্রমুখ। বিজয় দিবসের বিশেষ নাটক ‘কৃষ্ণপক্ষের রাত ছিল’ প্রচারিত হবে রাত সাড়ে ৯টায়। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী, ডলি জহুর, নরেশ ভুঁইয়া, এ কে আজাদ সেতু, রাকিব হাসান বাপ্পী প্রমুখ।
বিজয় দিবসে মাছরাঙা টেলিভিশনের পর্দায় থাকছে জোভান-ফারিণ অভিনীত টেলিফিল্ম ‘প্রেম ৭১’। ১৯৭১ মুক্তিযুদ্ধ চলাকালীন অনেকেই পাশের দেশে আশ্রয় নিয়েছেন। এ সময়ে তৈরি হয়েছে হাজারও বেদনার গল্প আর কিছু গল্প প্রেমের। এমনই একটি আবেগ আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে প্রেম ৭১ টেলিফিল্মটি। শাহজাহান সৌরভের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন এসএম মহসীন, সাবেরী আলমসহ অনেকে। বিজয় দিবসের টেলিফিল্মটি আজ রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
বিশেষ আয়োজন করেছে আরটিভিও। সকাল ১০টা ১০ মিনিটে প্রচার করা হবে বাংলা সিনেমা ‘বীর সৈনিক’। এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, হুমায়ুন ফরিদী প্রমুখ। রাত ৮টায় আরটিভিতে থাকছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘নিহত নক্ষত্র’। নাটকটি রচনা করেছেন ইশতিয়াক অয়ন এবং পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।