ইতালির লিডো দ্য ভেনেজিয়ায় গত বুধবার শুরু হয়েছে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এবারের উৎসবে প্রথম দিন থেকেই লালগালিচায় দেখা গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকা, নির্মাতা ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের। এর মধ্যেই বিশেষভাবে উঠে এসেছে বাংলাদেশের নাম। উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে দেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমার এটাই প্রথম অংশগ্রহণ। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ লড়ছে উৎসবের ‘ওরিজন্তি’ বিভাগে।
এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকো পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রি’ এ উৎসবে জায়গা পেয়েছিল।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় একটি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে হ্যাটট্রিক করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে তিনি গেছেন ভেনিসে।
এ নিয়ে বাঁধন বলেন, ‘এটি অনেক ভালো লাগার, অনেক আনন্দের। নিজের জন্য যেমন এটি প্রাপ্তি, সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যও। পাশাপাশি বাংলাদেশের জন্যও অনেক বড় কিছু।’
নিজের অভিনীত সিনেমা একের পর এক আন্তর্জাতিক উৎসবে জায়গা পাওয়া প্রসঙ্গে বাঁধন বলেন, ‘ভালো লাগে, নিজের কাজ যখন বড় বড় উৎসবে যায় এবং মানুষের ভালোবাসা অর্জন করে। সবার ভাগ্যে এটা হয় না। আমার ভাগ্যে ছিল। এজন্যই বোধ হয় বড় তিনটি চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা গেছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ বাঁধনের চরিত্রটি ছোট পরিসরের। শুরুতে এমন চরিত্রে অভিনয় করা নিয়ে দ্বিধায় থাকলেও পরে রাজি হন তিনি। বাঁধন বলেন, ‘প্রথমে ভাবছিলাম, ছোট চরিত্র করব কিনা। পরে রাজি হয়েছি। এখন মনে হচ্ছে, একটি ভালো কাজের সঙ্গে আছি।’
পরিচালক রুবাইয়াত হোসেনের প্রশংসা করে তিনি বলেন, ‘অসাধারণ একজন পরিচালক রুবাইয়াত হোসেন। একজন শিল্পীকে কীভাবে সম্মান দিতে হয় তা তিনি জানেন। মানুষ হিসেবেও তিনি শিল্পীদের সম্মান দিতে জানেন—এটা আমার ভালো লাগে।’
সিনেমাটি দর্শকদের কাছেও প্রশংসিত হবে বলে বিশ্বাস বাঁধনের। তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এ সিনেমা দর্শকরা বুঝবেন। হিট সিনেমা হবে। ভালো সুনাম অর্জন করবে।’
বাঁধনের জন্য এটি তৃতীয়বারের মতো কোনো সিনেমা নিয়ে বড় আন্তর্জাতিক উৎসবে যাওয়ার ঘটনা। এর আগে তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। ‘মাস্টার’ সিনেমাটি রটারডাম চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছিল। ক্যারিয়ারের এ অর্জনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন বাঁধন। তার ভাষায়, ‘আমার জন্য বড় অর্জন হলো, যে রকম সিনেমায় কাজ করতে চাই, সে রকম সিনেমা পাচ্ছি।’
সামনের কাজ নিয়েও পরিকল্পনা জানিয়েছেন এ অভিনেত্রী। বাঁধন বলেন, ‘সামনে কিছু ভালো কাজ করব। ২০২৪-২৫ সালে আমার কোনো কাজ ছিল না। সামনে কাজ করব। কাজগুলো ভালো হবে।’ এরই মধ্যে ‘গুলশানের চামেলি’ নামে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটির শুটিং চলতি বছরই শুরু হবে। এছাড়া আগামী বছর অনুদানের আরো দুটি সিনেমায় দেখা যাবে তাকে।