কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নাটক ‘কমলা রঙের বোধ’ নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি।
নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরো চারটি প্রদর্শনী করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্দেশক অলোক বসু।
এর আগে ২৭ এপ্রিল নাটকটির একটি টেকনিক্যাল শো করবে দলটি। নাটকটি প্রয়াত নাট্যজন আলী যাকেরের স্মৃতির উদ্দেশে নিবেদন করবে থিয়েটার ফ্যাক্টরি।
নির্দেশক অলোক বসু বলেন, কবি জীবনানন্দ দাশকে নিয়ে আমাদের দেশে সেভাবে আলোচনা হয় না। নতুন প্রজন্মের মাঝে তাকে ছড়িয়ে দিতেই নাটকটির পরিকল্পনা। আজকের তরুণ প্রজন্ম কবি জীবনানন্দ দাশকে কেমন করে দেখেন, সে দেখাকে এ নাটকে মেলানো হয়েছে কবি জীবনানন্দ দাশের সময়ের সঙ্গে।’
নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘নাটকের আখ্যান রচিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্মকে উপজীব্য করে। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনার শিকার হন। নাটকের গল্প শুরু সেখান থেকেই। ২২ অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি। ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে কবি তার চিন্তার জগতে মুখোমুখি হয়েছেন তার জীবন-স্বপ্ন-কল্পনা-দর্শন ও বাস্তবতার। তার সাহিত্যের নোটের মাধ্যমে আজকের জীবনানন্দ ও কাব্যপ্রেমী কতিপয় তরুণ উন্মোচন করেন জীবনানন্দ দাশকে।’
নাটকে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করবেন দিপু মাহমুদ, আরিফ আনোয়ার ও কে এম হাসান। অন্য চরিত্রে আশা আক্তার, বিপাশা সাইদ, মুনমুন খান, সুভাষ সরকার, আকলিমা আক্তার, শান্তনূর ইহসান দিগন্ত, হাসিবুল হক, মৃন্ময় চৌধুরী, নওরীন পাপড়ি, রবিউল ইসলাম রাজিব, শাইরা, সূর্য, প্রীতম প্রমুখ।