কান চলচ্চিত্র উৎসবের ‘শর্ট ফিল্ম কর্নার’-এ বাংলাদেশের ‘নুড়ি’

তরুণ নির্মাতা মিথুন জামানের রচনা ও পরিচালনায় নির্মিত ১৬ মিনিটের চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের ‘শর্ট ফিল্ম কর্নার সিনেমা দ্য দোমাঁ’ বিভাগের মার্কেট ক্যাটালগে অন্তর্ভুক্ত হয়েছে। ফ্রান্সের কান শহরে আয়োজিত উৎসবের এ অংশটি গত ১৭ মে থেকে শুরু হয়েছে এবং আজ ২০ মে পর্যন্ত চলবে

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’। তরুণ নির্মাতা মিথুন জামানের রচনা ও পরিচালনায় নির্মিত ১৬ মিনিটের চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের ‘শর্ট ফিল্ম কর্নার সিনেমা দ্য দোমাঁ’ বিভাগের মার্কেট ক্যাটালগে অন্তর্ভুক্ত হয়েছে। ফ্রান্সের কান শহরে আয়োজিত উৎসবের এ অংশটি গত ১৭ মে থেকে শুরু হয়েছে এবং আজ ২০ মে পর্যন্ত চলবে।

কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে অংশগ্রহণের জন্য বর্তমানে কানে অবস্থান করছেন চলচ্চিত্রটির প্রযোজক হাসিব জুবেরি শিহান এবং লেখক-পরিচালক মিথুন জামান।

প্রযোজক হাসিব জুবেরি শিহান ও লেখক-পরিচালক মিথুন জামান

আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ‘নুড়ি’র প্রযোজক হাসিব জুবেরী শিহান বলেন, ‘এসএফসি | রঁদেভু-ইন্ডাস্ট্রি একটি পেশাদার প্ল্যাটফর্ম, যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে বিশ্বব্যাপী পরিবেশক, উৎসব প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের সংযোগ তৈরি হয়। উৎসব চলাকালে আমাদের চলচ্চিত্র ‘নুড়ি’ এসএফসি’র মাধ্যমে ইন্ডাস্ট্রি ভিউয়িংয়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রযোজক ও পরিবেশকের জন্য উন্মুক্ত থাকবে। তরুণ নির্মাতাদের এটি বৈশ্বিক চলচ্চিত্র বাজারের সঙ্গে যুক্ত হওয়ার দারুণ একটি সুযোগ।’

১৬ মিনিট দৈর্ঘ্যের বাংলা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’র পটভূমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে ১১ বছর বয়সী এক কিশোরীর গল্প, যে একটি সদ্যজাত ঘোড়ার বাচ্চার সঙ্গে অপ্রত্যাশিত বন্ধনের মধ্য দিয়ে খুঁজে পায় সাহস ও বেঁচে থাকার নতুন আশা। ‘নুড়ি’ চরিত্রে অভিনয় করেছে কক্সবাজারেরই এক স্থানীয় কিশোরী।

চলচ্চিত্রটি সম্পর্কে লেখক-পরিচালক মিথুন জামান বলেন, ‘অস্থিরতা ও বিচ্ছিন্নতায় ভরা এ সময়ে ‘নুড়ি’ আমাদের স্মরণ করিয়ে দেবে যে সহনশীলতা অনেক সময় সবচেয়ে ছোট ছোট মানবিক আচরণের মধ্যেই বেঁচে থাকে, আর আশা টিকে থাকতে পারে আমাদের সবচেয়ে ভঙ্গুর সম্পর্কেও।’

‘নুড়ি’ চলচ্চিত্রটির সহ-প্রযোজক ছিলেন হিমেশ কর। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। সাউন্ড ডিজাইন করেছেন শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ। সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। সম্পাদনা করেছেন সামীর আহমেদ ও শিহান জুবেরি। কালার গ্রেডিং করেছে মুনশাইন পোস্ট প্রোডাকশন (আটলান্টা, যুক্তরাষ্ট্র)।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ‘টিম প্ল্যাটফর্ম লিমিটেড’ নামের ঢাকাভিত্তিক একটি সৃজনশীল প্রযোজনা প্রতিষ্ঠান। এর আগে প্রতিষ্ঠানটি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সং অব হোয়েলস (তিমি’র গান) প্রযোজনা করেছে, যা এনিমেলা’য় দক্ষিণ এশিয়ার সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার এবং ডিজিকন৬ এশিয়া বাংলাদেশে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।

আরও