বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুর মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) যুক্তরাজ্যে পলো খেলতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন, এরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গার্ডস পোলো ক্লাবে খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের, এরপর দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিজের এক্স হ্যান্ডলে একদিন আগেও পোস্ট করেছিলেন তিনি। আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন।
সঞ্জয় কাপুর সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন এবং ব্যবসায়ী মহলে পরিচিত এক মুখ। পেশাগত জীবনের পাশাপাশি তিনি পলো খেলায় ছিলেন দারুণ আগ্রহী ও দক্ষ।
সঞ্জয় ও কারিশমা কাপুর ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১০ সালে কারিশমা তার ছোট ছেলে কিয়ানের জন্মের সময় দিল্লি থেকে মুম্বাইয়ের বাড়িতে চলে যান। ২০১৪ সালে তারা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৬ সালের জুনে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর দুই সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি পান কারিশমা।