রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এক মাস ধরে প্রচারের অংশ হিসেবে নির্মাতা সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করে দর্শকদের কৌতূহল আরো বাড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব দৃশ্য নিয়ে হয়েছে নানা আলোচনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার।
২২১বি ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারটি প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। রাফীর আগের কাজগুলোর ধারা অনুসরণ করে ‘আন্ধার’-এর টিজারেও রাখা হয়নি কোনো সংলাপ। গল্পের গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ না করে আবহ, দৃশ্য ও রহস্যের ওপরই জোর দেয়া হয়েছে।
টিজারের শুরুতে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি ভীতিকর হাত। এরপর একে একে দেখা যায় বাথটাবে পড়ে থাকা নিথর দেহ, রক্তমাখা হাত, অন্ধকার জঙ্গলের মধ্যে রহস্যময় এক অবয়ব এবং কালাজাদুর নানা আচার-অনুষ্ঠান। ভারী আবহ সংগীতের সঙ্গে এসব দৃশ্য মিলিয়ে টিজারে তৈরি হয়েছে গা ছমছমে এক পরিবেশ।
সিনেমায় নাজিফা তুষিকে দেখা যাবে রহস্যাবৃত এক নারীর চরিত্রে। কোনো অশুভ শক্তির কবলে পড়ে তার জীবন ওলটপালট হয়ে যায়, টিজারের কয়েকটি দৃশ্যে তার ইঙ্গিত পাওয়া গেছে। তবে তার সঙ্গে কী ঘটেছিল কিংবা চরিত্রটির আসল পরিচয় কী, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
টিজারে সবচেয়ে বেশি নজর কেড়েছে সিয়াম আহমেদের উপস্থিতি। কখনো তাকে দেখা গেছে লাশের সামনে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায়, আবার কখনো অ্যাকশন দৃশ্যে। তার চরিত্রটি নায়ক নাকি অন্য কোনো ভূমিকায়, সেটিও স্পষ্ট করা হয়নি। বরং টিজারের শেষ দিকে তার জ্বলজ্বলে নীল চোখের ক্লোজআপ রহস্য আরো বাড়িয়েছে। কয়েক সেকেন্ডের এ দৃশ্য নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। পাশাপাশি অল্প সময়ের জন্য দেখা গেছে চঞ্চল চৌধুরী ও গাজী রাকায়েতকে। তাদের উপস্থিতিও দর্শকদের মনে তৈরি করেছে নতুন প্রশ্ন।
টিজার প্রকাশের পর ইউটিউবের মন্তব্যের ঘরে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। শুভ ইসলাম নামে একজন দর্শক রায়হান রাফীর আগের কাজগুলোর প্রশংসা করে লিখেছেন, নির্মাতা প্রতিটি নতুন কাজে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। অমি নামে আরেক দর্শক লুক, আবহ সংগীত ও চমকের প্রশংসা করেছেন। রাফসান নামে একজন দর্শক টিজারের ডার্ক থিম ও প্রস্থেটিক মেকআপ কাজের প্রশংসা করেছেন।
সিনেমাটির গল্প লিখেছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান। দেশের বিভিন্ন প্রান্তের ভৌতিক লোককাহিনী ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ রয়েছে বেজবাবা সুমন ও আদনান আদিব খানের। বিভিন্ন এলাকা ঘুরে সংগ্রহ করা ভূতের গল্প ও অভিজ্ঞতা থেকেই মূলত গড়ে উঠেছে ‘আন্ধার’-এর কাহিনী।
পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাজেটের দিক থেকে বাংলাদেশের হরর ঘরানার অন্যতম বড় আয়োজন ‘আন্ধার’। সিনেমাটির বড় একটি অংশজুড়ে রয়েছে ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ। কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে এসব কাজ করা হয়েছে। সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।
রায়হান রাফীর পরিচালনায় নির্মিত সিনেমাটিতে সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ আরো অনেকে। টিজারের শেষে জানানো হয়েছে, আগামী অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।