কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পাম দ’অর পেয়েছেন হলিউড তারকা জন ট্রাভোল্টা। হঠাৎ-ই আজীবন সম্মাননার সমতুল্য এ পুরস্কার পেয়ে বিস্মিত হয়েছেন তিনি। তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করেন এভাবে, ‘এটি অস্কারের চেয়েও বড়’। খবর বিবিসি।
নিজের পরিচালিত প্রথম সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে ফ্রান্সের এ উৎসবে উপস্থিত হয়েছেন জন ট্রাভোল্টা।
৭২ বছর বয়সী এ অভিনেতা পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’। পুরস্কার পাওয়ার পর আবেগ সামলাতে না পেরে তিনি প্রায় কেঁদে ফেলেন এবং বলেন, ‘এটি অস্কারের চেয়েও বড়।’
ট্রাভোল্টা ফরাসি ভাষায় বলেন, ‘এটি পুরোপুরি একটি চমক। আমি বিশ্বাসই করতে পারছি না। আমি একেবারেই এটা আশা করিনি।’
এসময় উপস্থিত দর্শকরা করতালি দিয়ে জন ট্রাভোল্টা অনুভূতিকে সম্মান জানান।
এ অভিনেতা পাল্প ফিকশন, গ্রিজ ও স্যাটারডে নাইট ফিভারের মতো চলচ্চিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি দুইবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন।
জন ট্রাভোল্টা নিজের লেখা ১৯৯৭ সালের শিশুতোষ বইয়ের ওপর ভিত্তি করে নির্মাণ করেছেন ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’। ছবিটির চিত্রনাট্য, পরিচালনা ও সহ-প্রযোজনার দায়িত্বের পাশাপাশি একটি চরিত্রে অভিনয় করেছেন।
ছবিতে আরো অভিনয় করেছেন জন ট্রাভোল্টার মেয়ে এলা ব্লু ট্রাভোল্টা। ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ শিগগিরই স্ট্রিমিং প্লাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে।
কান উৎসবে এ বছর আরো সম্মানসূচক পাম দ’অর পাচ্ছেন ‘লর্ড অব দ্য রিংস’-এর পরিচালক পিটার জ্যাকসন ও শিল্পী বারবারা স্ট্রেইস্যান্ড।
এর আগেও কান উৎসবে আকস্মিকভাবে সম্মানসূচক পুরস্কার দেয়ার নজির রয়েছে। গত বছর অভিনেতা ডেনজেল ওয়াশিংটন এবং ২০২২ সালে টম ক্রুজ এ সম্মাননা পেয়েছিলেন।