জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজের প্রথম দুটি সিজনে কাবিলা, পাশা, হাবু, শুভদের পাশাপাশি নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। চরিত্রটি দর্শকের কাছে দারুণ প্রশংসিত হলেও তৃতীয় ও চতুর্থ সিজনে দেখা যায়নি নেহালকে।
দর্শকদের সেই আক্ষেপ কাটাতে সিজন ৫-এ ফিরছেন নেহাল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন নির্মাতা কাজল আরেফিন অমি। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জু এবং সিরিজের অন্যান্য শিল্পীরা।
এ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট আমার কাছে শুধু একটি নাটক নয়, বরং এটি দর্শকের ভালোবাসার জায়গা। নেহাল চরিত্রে আবার ফিরতে পেরে আমি সত্যিই আনন্দিত।’
বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এছাড়া প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে আটটি করে পর্ব দেখা যাচ্ছে।