মুক্তির আগেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছিল আলী জুলফিকার জাহেদী নির্মিত সিনেমা ‘কাগজ’। একজন লেখকের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশের দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি। লেখকের জীবনের আড়ালের ঘটনা ও বিভিন্ন গল্প নিয়ে এগিয়েছে এ সিনেমা। এ সময়ে এসে অনেক সিনেমাই ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে, যাতে সারা বিশ্বের দর্শক তা দেখতে পারে। এর ধারাবাহিকতায় এবার কাগজ ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে। আগামীকাল থেকে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে স্ট্রিমিং শুরু হচ্ছে সিনেমাটির। যেখানে দেখা যাবে, একজন লেখক কীভাবে একটি ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন। রোমান্টিক-থ্রিলার ঘরানার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুনা মম।
ওটিটিতে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘কাগজ সিনেমাটি নির্মাণের সঙ্গে হাজারো স্মৃতি রয়েছে। প্রেক্ষাগৃহে এটি দর্শকের ভালোবাসা পেয়েছে। এবার দীপ্ত প্লের মাধ্যমে বিশ্বব্যাপী সবাই দেখতে পাবে সিনেমাটি। দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা পাবেন। মুক্তির আগেই কাগজ কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিলনাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছিল। যাপিত জীবনের আড়ালে লুক্কায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এটা আমার স্বপ্নের প্রজেক্ট।’
কাগজের গল্প, চিত্রনাট্য তৈরি ও প্রযোজনা করেছেন জুলফিকার নিজেই। এটি তার প্রথম নির্মিত সিনেমা। কাগজে লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন। তার চরিত্রের নাম ইমন আহমেদ। ইমনের বিপরীতে রেনু চরিত্রে অভিনয় করছেন আইরিন। ওটিটিতে কাগজের মুক্তি নিয়ে জানতে চাইলে ইমন বলেন, ‘এই প্রথম ওটিটি প্লাটফর্মে আমার কোনো কাজ যাচ্ছে। আমি খুব আশাবাদী সিনেমাটা নিয়ে। সবাই দীপ্ত প্লেতে কাগজ দেখবেন। আশা করি, আপনাদের ভালো লাগবে।’
গত বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পায় কাগজ। সিনেমাটি নিয়ে বণিক বার্তাকে ইমন বলেন, ‘এ সিনেমায় থ্রিলের সঙ্গে রোমান্টিসিজম রয়েছে। এর গল্পটা খুব সুন্দর। একজন লেখকের ভাবনায় তার দর্শন উঠে এসেছে এ সিনেমায়। বাংলাদেশের বিখ্যাত একজন লেখকের ভূমিকায় অভিনয় করার চ্যালেঞ্জটা আমাকে নিতে হয়েছিল। লেখককে তার জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, পর্দায় সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য।’
এ সিনেমায় আরো অভিনয় করেছেন শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। সিনেমাটিতে তিনটি গান রয়েছে। এর মধ্যে ‘জীবনের প্রতিটা সময় তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ গানটি গেয়েছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী সোমলতা আচার্য চৌধুরী। কলকাতার একটি স্টুডিওতে হয়েছিল এ গানের রেকর্ডিং। জুলফিকার জাহেদীর কথায় গানটি সুর করেছেন অভিজিৎ সরকার ও সংগীত আয়োজন করেছেন অভিষেক ব্যানার্জি।