সিনেমাকনে ওয়ার্নার ব্রোসের একাধিক চমক

বহু চমক নিয়ে হাজির হয়েছিল এবারের সিনেমাকন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আজ শেষ হচ্ছে বর্ণিল এ উৎসব।

বহু চমক নিয়ে হাজির হয়েছিল এবারের সিনেমাকন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আজ শেষ হচ্ছে বর্ণিল এ উৎসব। অপরাহ উইনফ্রে ও কালার পার্পল, বার্বি, ডুন টু, দ্য ফ্ল্যাশ, অ্যাকোয়াম্যান টু, ওয়োঙ্কা ও আরো অনেক কিছুর সমন্বয়ে এবারের সিনেমাকনকে অন্য এক মাত্রায় হাজির করেছে ওয়ার্নার ব্রোস। এর মধ্যেই জানানো হলো দ্য ফ্ল্যাশ মুক্তি পাবে আগামী ১৬ জুন। সিনেমাটির একটি নতুন ট্রেলারও প্রকাশ হয়েছে।

সিনেমাকনের একটি সেশনে আলাপচারিতায় অংশ নেন ওয়ার্নার ব্রোস ডিসকভারির প্রধান ডেভিড জাসলাভ। সেখানে সিনেমা ব্যবসা, ওয়ার্নার ব্রোসের সঙ্গে তার সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে আমরা কেবল একটি বাক্যই বলি। তা হলো সাহস। সিনেমা ব্যবসা বেশ জটিল ও ঝুঁকিপূর্ণ। কিন্তু ব্যবসাটিকে আমরা ভালোবাসি। এ ভালোবাসা আমরা একে অপরের সঙ্গে ভাগ করে নিই।’ ওয়ার্নার ব্রোসের সুপারহিরো সিনেমাগুলো গত কয়েক বছর বেশি লাভ করেনি। তবু অনলাইন স্ট্রিমিং নয়, বরং থিয়েটারেই প্রথমে সিনেমা মুক্তি দেয়ার পক্ষপাতি ওয়ার্নার ব্রোস। জাসলাভ বলেন, ‘আমরা বড় পর্দায় সিনেমা দেখানোয় বিশ্বাস করি। আমরা স্ট্রিমিংয়ে বিশ্বাস করি না।’ থিয়েটারের মাধ্যমে যাত্রা করা সিনেমা ভালো ব্যবসা করে বলে জানান জাসলাভ। দর্শকদের হলমুখী করার মাধ্যমে সিনেমা ব্যবসাকে আরো শক্তিশালী করার জন্য তিনি থিয়েটারের মালিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা গল্প বলি। এটিই আমাদের ব্যবসা। আমরা ব্রডব্যান্ড বা ফোন ব্যবসায়ী নই।’

সিনেমাকনের এ আয়োজনের মধ্যেই অ্যাকুয়াম্যানের এক্সটেন্ডেড ট্রেলার দেখানো হয়েছে। জানানো হয়েছে, সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। ডিসির প্রথম ল্যাটিনো সুপারহিরো ব্লু বিটলের বেশকিছু ফুটেজ উন্মুক্ত করা হয় সিনেমাকনে। এছাড়া ডুনের মুক্তির কথা তো জানানোই ছিল। এবার ডুন পার্ট টুয়ের প্রথম ফুটেজ দেখানো হয় এতে। বার্বিতে অভিনয় করছেন রায়ান গসলিং ও মারগট রবি। সিনেমাকনে তারা স্বভাবসুলভ মজা করেছেন। সিনেমাকনে প্রথমবারের মতো উপস্থিত হয়েছিলেন অপরাহ উইনফ্রে।

সূত্র: ডেডলাইন

আরও