কাইজার সিরিজ দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তানিম নূর। এবার তিনি দর্শকদের সামনে হাজির হচ্ছেন সিনেমা নিয়ে। ঈদুল আজহায় মুক্তি পাবে তার পরিচালিত সিনেমা ‘উৎসব’। সিনেমার ঘোষণার সঙ্গে বলা হচ্ছে এটি পরিবার ছাড়া দেখা নিষেধ। ১৩ মে সন্ধ্যায় গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনেমার নাম ঘোষণা এবং শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল।
নির্মাতা তানিম নূর বলেন, ‘ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল। সেই ইচ্ছা–স্বপ্ন তাড়া করতে গিয়েই নির্মিত হয়েছে উৎসব।’
অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘দীর্ঘদিন পর উৎসব সিনেমায় অনেক শিল্পী মিলে কাজ করেছেন। এটাই আমার কাছে আনন্দের।’ সিনেমাটি দেখে দর্শকরাও অনেক আনন্দ পাবেন বলে মনে করেন অভিনেতা।
আফসানা মিমি বলেন, ’পরিবার ছাড়া দেখা নিষেধ—এই কথাটা আমাকে আন্দোলিত করেছে। কারণ অনেক দিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম।’
সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ–প্রযোজনায় আছে চরকি। সিনেমার নাম ঘোষণার অনুষ্ঠানে ডোপ প্রোডাকশন্সের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘প্রথম সিনেমা আর সেটাই ঈদের জন্য। সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। সবাইকে ধন্যবাদ। ঈদের আমেজ থাকতে থাকতে আমরা দেশের বাইরেও উৎসব মুক্তি দিতে চাই।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘উৎসব এই সময়ের খুব জরুরি সিনেমা। এখন কী ধরণের সিনেমা হচ্ছে তা আমরা সবাই দেখছি। এর ভিড়ে সবাই মিলে দেখার মতো সিনেমা খুবই প্রয়োজন, বিশেষ করে ঈদের মতো সময়ে।
সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘এ সিনেমায় কাজ করেছি খুব আনন্দ নিয়ে। এই আনন্দ এবার আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।’
অপি করিম বলেন, ‘সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। এই প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি। তাই ভাবলাম, এই প্রজন্ম উৎসব সিনেমার মধ্য দিয়ে দেখুক, আমরা এখনও আছি।’ এত গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে পারাটাকে নিজেদের বড় পাওয়া মনে করছেন সুনেরাহ বিনতে কামাল ও সাদিয়া আয়মান।
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও শিমুল হক। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। সিনেমার নাম ঘোষণা ও শিল্পী পরিচিতির এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী নওশাবা, এফ এস নাঈম, সৈয়দ আহমেদ শাওকী, সালেহ সোবহান অনীম, ফাতেমা তুজ জোহরা ঐশীসহ অনেকে। উপস্থিত সবাই মনে করেন তানিম নূরের ‘উৎসব’ এবার ঈদ উদযাপনকে রঙিন করে তুলবে।