আমিরের সঙ্গে সিনেমা, মজেছিলেন সুস্মিতার প্রেমে— বিক্রমের পকেটে ছিল না ফুটো পয়সা

বিক্রমের মন্তব্যটি এমন সময় এল, যখন সুস্মিতাকে নিয়ে ‘গোল্ড ডিগার’ বিতর্কে নায়িকার পক্ষে অবস্থান নেন প্রেমিক লোলিত মোদি

বলিউডের জনপ্রিয় নির্মাতা বিক্রম ভাট জীবনের এক কঠিন অধ্যায়ের কথা স্মরণ করলেন সম্প্রতি। তখন একদিকে আমির খানকে নিয়ে চলচ্চিত্র পরিচালনা করছিলেন তিনি, অন্যদিকে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে ছিলেন। বাইরে থেকে জীবনকে সফল মনে হলেও বাস্তবে চরম আর্থিক সংকটে ছিলেন। খবর বলিউড হাঙ্গামা।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আলাপকালে বিক্রম ভাট বলেন, ‘আমি তখন টিকে থাকার লড়াইয়ে থাকা একজন পরিচালক। আমার কাছে বিষ খাওয়ার মতো অর্থও ছিল না। আমি আমির খানকে নিয়ে সিনেমা বানাচ্ছিলাম এবং বলতে গেলে মিস ইউনিভার্সের সঙ্গে সম্পর্কে ছিলাম, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না। আমি পুরোপুরি নিঃস্ব ছিলাম। এমনও সময় গেছে, যখন একটি সিডি কেনার মতো অর্থও আমার কাছে ছিল না। আমি ফকিরের মতো জীবন কাটিয়েছি।’

বিক্রমের মন্তব্যটি এমন সময় এল, যখন সুস্মিতাকে নিয়ে ‘গোল্ড ডিগার’ বিতর্কে নায়িকার পক্ষে অবস্থান নেন প্রেমিক লোলিত মোদি।

লোলিতের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতাকে নানা ধরনের সমালোচনা সইতে হচ্ছে। কিন্তু ভারতীয় এ ব্যবসায়ী বলিউড নায়িকাকে আর্থিকভাবে স্বাধীন ও আত্মনির্ভরশীল নারী হিসেবে বর্ণনা করেন। লোলিত বলেন, তাদের সম্পর্কে এমন সময়ও ছিল যখন সব খরচ সুস্মিতাই বহন করতেন।

নিজের অতীত সম্পর্কগুলো নিয়ে কথা বলতে গিয়ে বিক্রম ভাট জানান, জীবনে আসা প্রতিটি মানুষই তাকে কিছু না কিছু শিখিয়েছে। তার ভাষায়, ‘আমার জীবনে যারা এসেছে, তারা সবাই আমার জন্য ভালো কিছু করেছে। পেছনে ফিরে তাকালে আমি সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করি। তারা আমাকে কিছু না কিছু দিয়েছে। কেউ ভালোবাসা দিয়েছে, কেউ সময় দিয়েছে, কেউ জীবনের শিক্ষা দিয়েছে।’

তবে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে নিজের কাজকেই বেশি স্থায়ী বলে মনে করেন এ নির্মাতা। বিক্রম বলেন, ‘আমার চলচ্চিত্রগুলো টিকে আছে, সম্পর্কগুলো টেকেনি। নিশ্চয়ই আমি আমার চলচ্চিত্রে কিছু একটা ঠিক করেছি। আজও মানুষ আমার সিনেমাগুলো মনে রেখেছে। তখনকার অনেক কিছু তারা জানে না, কিন্তু আমার কাজকে মনে রেখেছে। তাই আমি জানি, শেষ পর্যন্ত কঠোর পরিশ্রমই জয়ী হয়।’

থ্রিলার ও হরর ঘরানার একাধিক সফল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বলিউডে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন বিক্রম ভাট। তার ঝুলিতে রয়েছে গুলাম ও রাজের মতো আলোচিত চলচ্চিত্র।

আরও