নতুন বছরের শুরুতে ঢাকাই সিনেমা দিচ্ছে নতুন সম্ভাবনার আভাস। গত বছর মুক্তিপ্রাপ্ত ৪৬টির মধ্যে ব্যবসায়িক সাফল্য পেয়েছে মাত্র কয়েকটি, আর সেগুলোরও বেশি লাভ এসেছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে। তবুও কিছু সিনেমা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ২০২৬ সালে ঢাকাই সিনেমার দর্শকদের প্রত্যাশা অনেক। নতুন বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক বড় বাজেটের ও তারকাবহুল সিনেমা। শুটিং শেষ পর্যায়ে পৌঁছেছে কিছু সিনেমার, আবার কিছু প্রস্তুতি সম্পন্ন। চলুন, এক নজরে দেখে নেয়া যাক এ বছরের সম্ভাব্য হিট সিনেমাগুলো—
দম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আফরান নিশো ও রেদওয়ান রনি। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ‘দম’-এর গল্প একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার। নির্মাতা রেদওয়ান রনি জানান, এ চরিত্রের ভেতরে এমন এক শক্তি আছে, যা শুধু তাকে নয়, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা জোগাবে।
সিনেমাটিতে আফরান নিশোর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। নায়িকা হিসেবে রয়েছেন পূজা চেরী। ‘দম’ যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।
প্রিন্স
নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় নতুন অ্যাকশনধর্মী সিনেমা ‘প্রিন্স’। এ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে প্রধান চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা।
নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প উঠে এসেছে ‘প্রিন্স’-এ। সিনেমায় থাকবে ক্রাইম, অ্যাকশন, প্রেম ও আবেগের মিশেল। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে কাজ করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
সিনেমার পোস্টারে দেখা যায়, একটি অন্ধকার লালচে আবহে শাকিব খান হাত দুটি পিস্তল উঁচু করে ধরে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন। চারপাশে ঢাকা শহরের বিভিন্ন এলাকার নাম লেখা আছে, যেমন বাড্ডা, উত্তরা, গাবতলী ও মোহাম্মদপুর। সব ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে এ বছরের ঈদুল ফিতর উপলক্ষে।
সোলজার
শাকিব খানের এ বছরের বড় বাজেটের সিনেমা ‘সোলজার’। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গত বছরের ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে প্রকাশ পায় সিনেমাটির প্রথম ট্রেলার। মাত্র ৩৪ সেকেন্ডের ট্রেলারে উঠে আসে বাংলাদেশের দুর্নীতি ও সিন্ডিকেটের ভয়াবহতার ইঙ্গিত।
ট্রেলারে জাতীয় পতাকা এবং দেশের পরিচিত কয়েকটি স্থাপনা দেখা যায়। প্রতিশোধের বার্তাও দেয়া হয়েছে। ধারণা করা যায়, সিনেমায় শাকিব খান একজন খাঁটি দেশপ্রেমিক চরিত্রে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামবেন। প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটি এ বছর মুক্তি পাবে।
বনলতা এক্সপ্রেস
আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরীফুল রাজ, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলাসহ আরো একঝাঁক তারকা ও নতুন মুখ। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি দর্শকদের জন্য এক ভিজুয়াল ভ্রমণের সুযোগ তৈরি করবে। হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ— এ তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে মুক্তি পাবে এটি।
বনলতা সেন
আগামী রোজার ঈদে মুক্তির অপেক্ষায় ‘বনলতা সেন’। ২০২৪ সালে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেন, পরে কিছু সময়ের জন্য পিছিয়ে দেন। এবার জীবনানন্দ দাশের কাল্পনিক চরিত্র বনলতা সেনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি দর্শকের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় বনলতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।
ট্রাইব্যুনাল
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে এবং বেশির ভাগ অংশের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। বাকি অংশের কাজ ও পোস্ট-প্রডাকশন সম্পন্ন করে রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। এক নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা নিয়ে নির্মিত ‘ট্রাইব্যুনাল’-এ ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমায় ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন, উপমা প্রমুখ।
মালিক
ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত সিনেমায় শুভ-মিম জুটিকে ‘তারকাঁটা’ ও ‘সাপলুডু’র পর আবারো একসঙ্গে দেখা যাবে।
রাক্ষস
সিয়াম আহমেদ ও ভারতের সুস্মিতা চ্যাটার্জি জুটির নতুন সিনেমা ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমার ফার্স্টলুক পোস্টার এরই মধ্যে প্রকাশ হয়েছে। শুটিং চলছে, চলতি বছরের যেকোনো ঈদে ছবিটি মুক্তি পেতে পারে।
রইদ
গত বছরের ১৬ ডিসেম্বর মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’র ট্রেলার প্রকাশ হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। এরপর দেশে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত প্রমুখ।
পিনিক
শবনম বুবলী ও আদর আজাদ জুটির তৃতীয় সিনেমা ‘পিনিক’ মুক্তি পাবে চলতি বছর। জাহিদ জুয়েল পরিচালিত এবং ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমায় আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আলী রাজ ও জয়িতা মহলানবীশ।
রঙবাজার
রাশিদ পলাশ পরিচালিত ‘রঙ বাজার’-এ অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, মৌসুমী হামিদ ও তানজিকা আমিন। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে।
বিদায়
বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ছবি ‘বিদায়’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমার শুটিং শেষ হয়েছে। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।