সিনেমার মুক্তি নিয়ে আশাবাদী নাবিলা

ক্যারিয়ারের শুরুতেই ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটেছিল মাসুমা রহমান নাবিলার।

প্রথম সিনেমা দিয়েই তিনি জয় করে নিয়েছিলেন দর্শকের হৃদয়। সে জনপ্রিয়তার পর শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় ব্যাপক দর্শকপ্রিয়তা পান। এরপর পর্দায় তাকে আর দেখা যায়নি। বিরতি পেরিয়ে অবশেষে আবারো বড় পর্দায় ফিরছেন এ অভিনেত্রী। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সে রহস্যময়ী নারীর চরিত্র নিয়ে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসার কথা শোনা যায় সিনেমাটির। সবকিছু ঠিক থাকলে এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা বনলতা সেনের। গত শুক্রবার সামাজিক মাধ্যমে সিনেমার একটি বিশেষ পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছিলেন নাবিলা নিজেই। তবে সিনেমাটি ঘিরে শুরু থেকেই চলতে থাকা আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না। মুক্তির ঘোষণার পর পরই আবারো নতুন সমস্যা তৈরি হওয়ায় এটি ঈদে বড় পর্দায় আসা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটির সহপ্রযোজক তরুণ মজুমদার আবারো আদালতের দ্বারস্থ হয়েছেন।

সহপ্রযোজকের এ আইনি পদক্ষেপের কারণে নতুন করে শঙ্কা তৈরি হলেও নাবিলা অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন পুরো বিষয়টি। নিজের সিনেমা মুক্তি এবং নতুন এ সমস্যা নিয়ে তিনি বলেন, ‘ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটা সত্যি আনন্দের। তবে উচ্ছ্বাসের সঙ্গে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছি, তাই কিছুটা নার্ভাসও ফিল হচ্ছে। সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়। আমি যতদূর জানি, সমস্যা সমাধান হওয়ার পরই ঘোষণা ও পোস্টার অবমুক্ত করা হয়েছে। আশা করছি, সঠিক সময়ে পর্দায় আসবে এ সিনেমা।’

ঈদের সিনেমায় অন্যান্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এটা আর নতুন করে বলার কিছু নেই যে দর্শক সিনেমা দেখেন। তারা এখন বিভিন্ন ঘরানার সিনেমাই দেখছেন। এবারো সে ধারাবাহিকতা থাকবে।’

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এ সিনেমা নিয়ে শুরু থেকেই দর্শকের প্রবল আগ্রহ ছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দেশের তৎকালীন পরিস্থিতির কারণে তা কয়েকবার পিছিয়ে যায়। সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরো অনেকে।

আরও