দীর্ঘ ৩৩ বছরের সংগীতজীবন উদযাপন করতে এবার ইউরোপের মঞ্চে গান গাইবেন জনপ্রিয় পপ তারকা বালাম। আগামী ২৮ জুন সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হচ্ছে তাঁর একটি একক কনসার্ট। স্টকহোমের হালুন্দা ফোকেটস হুস মিলনায়তনে আয়োজিত এই মেগা ইভেন্টের নাম দেওয়া হয়েছে ‘সেলিব্রেটিং থার্টি-থ্রি ইয়ার্স অব বালাম’স মিউজিক্যাল জার্নি লাইভ ইন স্টকহোম’।
বালাম জানিয়েছেন, দীর্ঘ তিন দশকের এই পথচলায় শ্রোতাদের ভালোবাসা ও নিজের অর্জনকে উদযাপন করতেই এই বিশেষ আয়োজন। কনসার্টে তিনি তাঁর ক্যারিয়ারের সেরা ও শ্রোতাপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন। ইউরোপ সফরের অংশ হিসেবে সুইডেনে যাওয়ার আগে ইতালির রোম ও ভেনিসের দুটি কনসার্টেও অংশ নেবেন এই গায়ক।
সুইডেনে নিজের প্রথম সফর নিয়ে উচ্ছ্বসিত বালাম বলেন, ‘সুইডেনে এবারই প্রথম পারফর্ম করতে যাচ্ছি। প্রবাসী বাঙালি শ্রোতাদের সামনে নিজের গান পরিবেশন করার সুযোগ পাওয়ায় ভীষণ ভালো লাগছে। আশা করি চমৎকার কিছু স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারব।’
স্টেজ শোর পাশাপাশি নতুন গান নিয়েও বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বালাম। দীর্ঘ এক যুগ পর চলতি বছরের শুরুতে তাঁর পঞ্চম একক অ্যালবাম ‘মাওলা’ প্রকাশের ঘোষণা দেন। ৬টি গান দিয়ে সাজানো এই অ্যালবামের টাইটেল ট্র্যাকটি (মাওলা) ইতোমধ্যে গেল ঈদে মুক্তি পেয়ে শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
এর আগে ২০০৭ থেকে ২০১৩ সালের মধ্যে বালামের ‘বালাম ১, ২, ৩’ এবং ‘ভুবন’ শিরোনামে চারটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছিল। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’ কিংবা ‘নূপুর বাজে’র মতো অসংখ্য গান এখনো শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।