বিতর্ক ছাপিয়ে নতুন সিনেমায় কিয়ারা?

বক্স অফিসে সাফল্যের মুখ দেখছে কিয়ারা ও যশ অভিনীত ‘টক্সিক’। সিনেমায় অভিনয়ের পাশাপাশি এর উপস্থাপনা নিয়েও বিতর্কের মুখে পড়েছেন কিয়ারা আদভানি।

তবে সমালোচনায় থেমে থাকার পক্ষপাতী নন অভিনেত্রী। বিতর্কের রেশ কাটতে না কাটতেই বরং নতুন কাজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আর সে কাজ যদি সত্যি হয়, তবে এক দশক আগের একটি জনপ্রিয় গল্পই ফিরতে চলেছে নতুন মোড়কে।

কারিনা কাপুর খান ও অর্জুন কাপুর অভিনীত ‘কি অ্যান্ড কা’-এর সিকুয়ালে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে কিয়ারাকে। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটির গল্পে দেখা যায়, একজন নারী পেশাগত জীবনে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে একজন পুরুষ ঘর-সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছে। নারী-পুরুষের সম্পর্ক, বিয়ে ও প্রচলিত লৈঙ্গিক ধারণাকে ভিন্নভাবে উপস্থাপন করে বলিউডে এক নতুন আলোচনার জন্ম দিয়েছিল সিনেমাটি। অর্থাৎ সংসার সামলানো শুধু নারীর আর উপার্জন করা শুধু পুরুষের দায়িত্ব, এমন চেনা ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল সিনেমাটি। এবার সে মূল ভাবনাকে ধরে রেখেই গল্পটি নতুনভাবে বলার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।

তবে এখানেই রয়েছে সবচেয়ে বড় চমক। নতুন সিনেমাটিতে আগের ‘কি অ্যান্ড কা’-এর গল্পের সরাসরি ধারাবাহিকতা থাকবে না। বরং একই ভাবনাকে কেন্দ্র করে তৈরি হবে সম্পূর্ণ নতুন গল্প। ফলে এক দশক আগের সেই ‘কি অ্যান্ড কা’-এর সম্পর্কের সমীকরণ এবার কোন রূপে ফিরে আসে, সেটিই হতে পারে সিনেমাটির অন্যতম আকর্ষণ।

ভারতীয় গণমাধ্যম ‘জাগরণ’-এর প্রতিবেদনে জানা গেছে, প্রাথমিকভাবে গল্পটি পছন্দ হয়েছে কিয়ারার। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি তিনি। কিয়ারার বিপরীতে কে থাকবেন, সেটিও চূড়ান্ত হয়নি। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী নভেম্বরেই শুরু হতে পারে শুটিং।

টক্সিকের বিতর্ক পেরিয়ে কিয়ারার সামনে এবার নতুন চ্যালেঞ্জ, একটি পুরনো ভাবনাকে নতুন প্রজন্মের ভাষায় পর্দায় তুলে ধরা। এক দশক আগে যে সিনেমা প্রশ্ন তুলেছিল, ‘কে ঘর সামলাবে, আর কে উপার্জন করবে?’—১০ বছর পর তার নতুন সংস্করণে সে প্রশ্নের উত্তর বদলাবে, নাকি আরো নতুন কোনো প্রশ্ন ছুড়ে দেবে—সেটিই দেখার অপেক্ষা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও