বিজয়কে নিয়ে প্রশ্ন এড়ালেন রজনীকান্ত, নতুন করে বিতর্ক

এর আগে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের দল জয় পাওয়ার পর রজনীকান্ত তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে নির্বাচনী প্রচারের সময় অভিনেতার একটি মন্তব্য ঘিরে বিজয় সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে বিজয়-কে নিয়ে মন্তব্য করতে অস্বীকার করায় ফের বিতর্কে জড়ালেন দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। গতকাল চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকরা ‘মুখ্যমন্ত্রী বিজয়’ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে রজনীকান্ত কোরো মন্তব্য না করে করজোড়ে সেখান থেকে চলে যান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়।

এর আগে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের দল জয় পাওয়ার পর রজনীকান্ত তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে নির্বাচনী প্রচারের সময় অভিনেতার একটি মন্তব্য ঘিরে বিজয় সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, ‘সময় কথা বলে না, অপেক্ষা করে এবং ঠিক সময়ে উত্তর দেয়।’ অনেকেই সেই মন্তব্যকে বিজয়কে উদ্দেশ্য করে কটাক্ষ বলে মনে করেছিলেন।

রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিয়েও এখনো সক্রিয়ভাবে নির্বাচনী রাজনীতিতে নামেননি রজনীকান্ত। ২০১৭ সালে তিনি ‘রজনী মাক্কাল মন্দ্রম’ গঠন করেছিলেন এবং রাজনৈতিক দল তৈরির ইঙ্গিত দিয়েছিলেন। বিভিন্ন সময়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে তার বৈঠক নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনী রাজনীতিতে অংশ নেননি।

অন্যদিকে আরেক সুপারস্টার কমল হাসান ২০১৮ সালে ‘মাক্কাল নিধি মাইয়াম’ গঠন করে রাজনীতিতে নামলেও উল্লেখযোগ্য সাফল্য পাননি। সেই প্রেক্ষাপটে বিজয়ের রাজনৈতিক সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজয় নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগমের ঘোষণা করেন। এর পর সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই তার দল সরকার গঠন করে। ভারতের রাজনীতিতে নতুন দল হিসেবে প্রথম নির্বাচনে সরকার গঠনের ঘটনা অত্যন্ত বিরল।

এই পরিস্থিতিতে রজনীকান্তের নীরবতা ঘিরে রাজনৈতিক ও বিনোদন মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।

আরও