‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর আবারো শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন হিমেল আশরাফ। নতুন এ সিনেমার নাম ‘মহব্বত’। এরই মধ্যে সিনেমাটির নাম ও পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। আগের দুই সিনেমার মতো এবারো প্রেমের গল্প নিয়ে আসছেন হিমেল। তবে একই জনরার হলেও গল্প ও চরিত্রে নতুনত্ব রাখার চেষ্টা করছেন তিনি।
দুই বছরেরও বেশি সময় পর আবার শাকিবের সঙ্গে কাজ করছেন হিমেল। প্রিয়তমা ও রাজকুমারের পর নির্মাতা-অভিনেতার নতুন এ কাজ নিয়ে দর্শকের আগ্রহও তৈরি হয়েছে। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাইছেন না হিমেল।
বণিক বার্তাকে তিনি বলেন, ‘আমরা শাকিব খানের সঙ্গে ভার্সেটাইল মিডিয়া থেকে মহব্বত সিনেমার কাজ শুরু করছি। ভার্সেটাইল মিডিয়ায় এটি আমার চতুর্থ কাজ এবং শাকিব ভাইয়ের সঙ্গে তৃতীয় কাজ। দীর্ঘদিন পর আবার কাজ করছি। তাই এবার আমার সেরাটা দিতে চাই। এখন পর্যন্ত অনেক কিছুই ঠিক হয়নি বা বলার মতো জায়গায় আসেনি। আপাতত এতটুকুই বলতে পারি।’
মহব্বত কী ধরনের গল্পের সিনেমা হতে যাচ্ছে, তা নিয়ে হিমেল বলেন, ‘আমি যে জনরায় কাজ করি, এটিও সেই ধরনের সিনেমা। প্রেমের সিনেমা, যেখানে ফ্যামিলি ড্রামা থাকবে, প্রেম থাকবে, ক্রাইসিস থাকবে, রিলেশনশিপের বিষয় থাকবে এবং একটা জার্নি থাকবে। সম্পর্কের নানা সমস্যা থাকবে।’
প্রিয়তমা ও রাজকুমারের পর আবারো প্রেমের গল্পে ফিরছেন হিমেল-শাকিব। তবে আগের দুই সিনেমার গল্পের পুনরাবৃত্তি করতে চান না নির্মাতা। তিনি বলেন, ‘আমি নিশ্চয়ই চাইব না, যে গল্প বলে ফেলেছি সেই গল্প আবার বলতে। নতুন কিছুই বলতে চাই। তবে জনরাটা একই থাকবে। আমি কোনো ভায়োলেন্স বা গ্যাংস্টারের গল্প বলতে চাচ্ছি না। আমি একটা প্রেমের গল্প, জীবনের গল্প, ভালোবাসার গল্প বলতে চাচ্ছি। নাম শুনেই বোঝা যায়—মহব্বত। আমি আসলে একটা মহব্বতের গল্প বলতে চাচ্ছি।’
হিমেলের আগের সিনেমাগুলোতেও প্রেমের গল্পের সঙ্গে পারিবারিক সম্পর্ক ও সংকট যুক্ত ছিল। মহব্বতেও বাবা-মা, ভাইবোন, দাদা-দাদির সঙ্গে সম্পর্কের সংকটের মতো বিষয় থাকবে। এর সঙ্গে থাকবে একটি জার্নিও। আগের সিনেমাগুলোর প্রসঙ্গ টেনে হিমেল বলেন, সুলতানা বিবিয়ানা’য় হিরো কাজ শিখতে এক জায়গায় যায়। রাজকুমারে সে তার মাকে খুঁজতে আমেরিকা যায়। এখানেও একটি জার্নি আছে। প্যাটার্ন একই, তবে অবশ্যই মাথায় রাখব যে নতুন কিছু দিতে চাই।’
প্রেমের গল্প হওয়ায় সিনেমাটিতে রোমান্টিকতার মাত্রা কেমন থাকবে, তা নিয়ে আগ্রহ রয়েছে দর্শকের। আগের কাজের তুলনায় এবারো রোমান্টিক কিছু দেয়ার চেষ্টা করবেন বলে জানান হিমেল। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা আপেক্ষিক। কারো কাছে হয়তো বেশি মনে হবে, কারো কাছে কম। এটা দর্শকের ওপর নির্ভর করে। আমি চেষ্টা করব আগের চেয়ে বেশি কিছু দেয়ার। দর্শক যেভাবে গ্রহণ করে, সেটাও গুরুত্বপূর্ণ। তবে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করব।’
এদিকে মহব্বতে শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সিনেমার ঘোষণার পোস্টারে শাকিবকে দেখা গেলেও নায়িকার পরিচয় প্রকাশ করা হয়নি। নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে চমক রাখার ইঙ্গিতও দিয়েছেন নির্মাতা। তার ভাষায়, ‘প্রেমের গল্পে যে রকম থাকে—দেখতে সুন্দর, একটু চমক থাকবে। এমন কাউকে নেয়ার চেষ্টা করছি, যাকে আমরা হয়তো এভাবে ভাবি না বা যিনি সবসময় এ ধরনের কাজে থাকেন না। আমাদের ফেসবুক পেজ, ভার্সেটাইল মিডিয়ার পেজ থেকে ঘোষণা যাবে। তখন আরো বিস্তারিত বলতে পারব।’
নায়িকার পরিচয় প্রকাশের অপেক্ষা থাকলেও সিনেমার অন্যান্য প্রস্তুতি এগিয়ে গেছে। এরই মধ্যে স্ক্রিপ্ট ও কাস্টিং লক হয়েছে। এখন চলছে প্রি-প্রডাকশনের কাজ। হিমেল বলেন, ‘সিনেমার প্রি-প্রডাকশনের কাজ চলছে। আমাদের স্ক্রিপ্ট লক, কাস্টিং লক।’
ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে মহব্বত। সিনেমাটির শুটিং কবে শুরু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। নায়িকার পরিচয়সহ সিনেমার অন্যান্য বিষয় শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।