নারী দিবসে দীপ্তর বিশেষ ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’

নিয়মিত নতুন কনটেন্ট আনার চেষ্টা করছে দীপ্ত প্লে। দেশীয় ওটিটির মধ্যে প্লাটফর্মটি নবীন। তবে এর মধ্যেই বেশকিছু কনটেন্ট নিয়ে আলোচনা তৈরি করেছে প্লাটফর্মটি।

নিয়মিত নতুন কনটেন্ট আনার চেষ্টা করছে দীপ্ত প্লে। দেশীয় ওটিটির মধ্যে প্লাটফর্মটি নবীন। তবে এর মধ্যেই বেশকিছু কনটেন্ট নিয়ে আলোচনা তৈরি করেছে প্লাটফর্মটি। এবার নারী দিবস উপলক্ষে আনছে নতুন একটি ওয়েব ফিল্ম ‘‌ক্রিমিনালস’। 

এমএলএম প্রতারণার শিকার তিন নারী। তাদের জীবনে ঘটে যাওয়া গল্প নিয়েই নির্মিত হয়েছে ফিল্মটি। পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। একদম সাধারণ গল্পভিত্তিক নয়, ক্রাইম থ্রিলারের আদলে নির্মাণ করা হয়েছে ক্রিমিনালস। এতে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরে জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা। ওয়েব ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও। 

ক্রিমিনালসের গল্পে দেখা যাবে তিন নারীর গল্প। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমানকে ঘিরে গল্প। শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী একত্রিত হন একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন, হতে হবে ক্রিমিনাল। চুমকি, নীলা আর বীথির পথ সহজ নয়। ব্যক্তি জীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপ, তেমনি লক্ষ্য অর্জন না হলে তাদের ভবিষ্যৎও হয়ে পড়বে অনিশ্চিত। দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে, যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরা-ছোঁয়ার বাইরে। একদিকে জীবনের টানাপড়েন, অন্যদিকে অসম্ভব বাধা, দুটোকে অতিক্রম করে চুমকি, নীলা আর বীথি কি সত্যি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে? নাকি কেবলই অপরাধী হয়ে, ক্রিমিনাল পরিচয়েই থেকে যাবে আজীবন?

মূল গল্পটি কী আর সেই শক্তিটা কে, তা এখনই প্রকাশ করছেন না নির্মাতারা। তবে পরিচালক ফরহাদ আহমেদ বলেন, ‘আমাদের দেশে কয়েকদিন পর পরই বড় বড় জালিয়াতি চক্র সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। যেহেতু কয়েকদিন পর পরই এ রকম ঘটনা আমরা দেখি, সুতরাং বলা যায় মানুষের মাঝে সচেতনতার অভাব আছে। এ রকম একটি প্রতারণার ঘটনা থেকেই ক্রিমিনালসের গল্প তৈরি হয়েছে।’

গল্পটি বলার ক্ষেত্রে আমাদের আশপাশে থাকা সাধারণ নারীদের গল্পও এনেছেন তিনি। ফরহাদ আরো বলেন, ‘সাধারণ তিনজন নারীর একসঙ্গে হওয়া এবং সেই প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রামই দেখানোর চেষ্টা করা হয়েছে। কথায় আছে, ট্র্যাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এ ফিল্ম অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়।’

ফিল্মের অভিনেতা-অভিনেত্রীরা প্রতিশ্রুতিশীল। তাদের নিয়ে পরিচালক বলেন, ‘ইরফান, তানভীর, তানজিকা, চমক, নীল সবাই যার যার ভালো করার চেষ্টা করেছে। এখন দর্শকের কেমন লাগে সেটার অপেক্ষায় আছি।’ নারী দিবসকে সামনে রেখেই স্ট্রিম করা হবে ক্রিমিনালস। নারীদের শক্তি ভিন্ন রূপে দেখা যাবে এতে। দীপ্তর হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম জানান, ৮ মার্চ থেকে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে স্ট্রিম হবে ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’।

আরও