‘দেরিতে হলেও একদিন সিনেমায় যাব’

‘আমি সব ধরনের সিনেমা করতে চাই। ‘বরবাদ’-এর মতো সিনেমা করব, ‘জংলি’ বা ‘দাগির’-এর মতো সিনেমাও চাই। এছাড়া ‘উৎসব’-এর মতো সিনেমাও আমার পরিকল্পনার মধ্যে রয়েছে।’

স্কুলজীবন থেকেই সিনেমার প্রতি আকর্ষণ ছিল তৌসিফ মাহবুবের। যদিও এখনো তিনি মূলত নাটক জগতে রয়েছেন, কিন্তু তার মনস্তত্ত্বে সিনেমার জন্য বিশেষ আকর্ষণ রয়েছে। শনিবার আসন্ন নাটক ‘খোয়াবনামা’ নিয়ে এক আলাপচারিতায় তিনি জানান, ‘সিনেমায় আমি এখনো আসিনি, তবে ছোটবেলা থেকেই সিনেমার পোকা মাথায় রয়েছে। দেরিতে হলেও একদিন সিনেমায় যাব।’

তিনি আরো বলেন, আমি সব ধরনের সিনেমা করতে চাই। ‘বরবাদ’-এর মতো সিনেমা করব, ‘জংলি’ বা ‘দাগির’-এর মতো সিনেমাও চাই। এছাড়া ‘উৎসব’-এর মতো সিনেমাও আমার পরিকল্পনার মধ্যে রয়েছে।

সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নেতিবাচক মনোভাব নিয়েও তৌসিফ মন্তব্য করেন। তিনি বলেন, ‘৫ আগস্টের পর অনেকেই বলছেন, বাকস্বাধীনতা ফিরে পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সব কিছু খুলে প্রকাশ করা সম্ভব হচ্ছে। তবে এতে যেমন সুবিধা হয়েছে, তেমনি অসুবিধাও তৈরি হয়েছে। সত্যি বলতে দেশের মধ্যে অস্থিরতা আছে এবং মানুষ নেগেটিভ মানসিকতায় পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রকাশ্যে কথা বলার জন্য আমরা বাকস্বাধীনতা চেয়েছিলাম। কিন্তু আফসোস, বাকস্বাধীনতা পাওয়ার পর প্রকাশ্যে গালি দেওয়া শুরু হয়েছে। হয়তো একদিন সবাই আলোকিত হবে এবং এই নেতিবাচকতা দূর হবে। আল্লাহ আমাদের সবাইকে দ্রুত হেদায়েত দান করুন।’

দেশকে সুন্দরভাবে দেখতে চান তৌসিফ। তিনি বলেন, ‘আমি চাই চারপাশের পরিবেশ ও দেশ সুন্দরভাবে দেখা হোক। সবাই সহজ-সরল হোক, কেউ কাউকে বিপদে ফেলবে না। সবার প্রতি ভালোবাসা থাকবে এবং সাহায্য করার মানসিকতা থাকবে। ঠিক যেমন আগে যখন ট্রাফিক পুলিশ ছিল না, তখন ছাত্ররা রাস্তায় মানুষদের উপকারের জন্য ট্রাফিক কাজ করতো। সবাই সবকিছুর প্রতি নিষ্পাপ হোক।’

এদিকে, আগামী ২৮ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘খোয়াবনামা’। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।

আরও