অভিনেতা সালমান শাহর মৃত্যু দিবস ৬ সেপ্টেম্বর। এ দিনকে কেন্দ্র করে বিশেষ আয়োজন রেখেছে দীপ্ত টিভি। স্যাটেলাইট চ্যানেলটিতে প্রচার হবে সালমান শাহ অভিনীত সাতটি সিনেমা। ৫-১১ সেপ্টেম্বর সাতদিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে সালমান শাহ অভিনীত সিনেমাগুলো।
৫ সেপ্টেম্বর প্রচার হবে শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’। সালমান শাহর সঙ্গে অভিনয়ে আছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি। এমএ খালেদের পরিচালনায় ‘স্বপ্নের ঠিকানা’ প্রচারিত হবে ৬ সেপ্টেম্বর। শিবলি সাদিকের পরিচালনার বাংলা সিনেমা ‘আনন্দ অশ্রু’ প্রচারিত হবে ৭ সেপ্টেম্বর। মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’ প্রচার হবে ৮ সেপ্টেম্বর। পারিবারিক গল্পের সিনেমাটি দর্শকের পছন্দের তালিকার শীর্ষে থাকে। জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জীবন সংসার’ প্রচার হবে ৯ সেপ্টেম্বর। এতে সালমান শাহর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা। রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’ প্রচার হবে ১০ সেপ্টেম্বর। অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব, মিশা সওদাগর। বাদল খন্দকারের পরিচালনার বাংলা সিনেমা ‘স্বপ্নের পৃথিবী’ প্রচারিত হবে ১১ সেপ্টেম্বর। অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, রাজীব, ববিতা, রাইসুল ইসলাম আসাদ।