দেশের গুণী সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি। পহেলা বৈশাখ সামনে রেখে প্রকাশ হতে যাচ্ছে এ শিল্পীর নতুন গান ‘বন্ধু চেনা দায়’। জুলফিকার রাসেলের কথায় এর কণ্ঠ, সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা। গানটির রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ শেষ। আসছে পহেলা বৈশাখে গানটি প্রকাশ পেতে যাচ্ছে। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অনিন্দ কবীর অভিক। এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘এবারের কাজটি একটু বিস্তৃত পরিসরে শুট হয়েছে। যেখানে আমার পাশাপাশি কোরিওগ্রাফির একটা বড় অংশ রয়েছে।’
এ গানের মধ্য দিয়ে ১৩ বছর পর জুলফিকার রাসেলের লেখা গান গাইলেন বাপ্পা। এ সংগীত জুটির বেশ জনপ্রিয়তা রয়েছে। তাদের অনেক একক গানের পাশাপাশি উল্লেখযোগ্য অ্যালবাম হলো ‘একই শহরে’, ‘ইচ্ছে করেই একসাথে’, ‘আবার পথে দেখা’, ‘স্বপ্নরানী’, ‘পরস্পর’ প্রভৃতি।
২০১০ সালে ‘পরস্পর’ অ্যালবামটির পর দুজনকে অনেকদিন একসঙ্গে পাওয়া যায়নি। আবার একসঙ্গে ফেরা প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘প্রথমত গানটি অসম্ভব সুন্দর হয়েছে। অনেকদিন পর সুরের ওপর গানটি লিখেছি। তার চেয়ে বড় কথা ১৩ বছর পর বাপ্পা দা আমার কথায় গাইলেন। মাঝের সময়ে আমরা দুজনই অসংখ্য গান করেছি। তবু এ গান আমার জন্য বেশ অর্থবহ।’
লম্বা সময় পর দুজন একসঙ্গে গানে কাজ করা প্রসঙ্গ নিয়ে বাপ্পা মজুমদার বললেন, ‘১৩ বছর পর আবার আমি আর জুলফি একসঙ্গে গান করলাম। এখন দেখার পালা, শ্রোতারা কতটা পছন্দ করে। তবে কাজটি আমার কাছে দুটি কারণে বেশ অর্থবহ। প্রথমটি তো বললাম জুলফির কথায় আবারও গাইলাম। আরেকটি বিষয় হলো, চলতি বছরের শুরুটা হয় এ গান কম্পোজিশনের মাধ্যমে। যত দূর মনে পড়ে গত ২ জানুয়ারি গানটি সুর করি। ফলে বছরের প্রথম সুর হিসেবে এর প্রতি আমার বাড়তি আদর রয়েছে।’
বাপ্পা মজুমদার জানান, পহেলা বৈশাখ উপলক্ষে এ এপ্রিলেই গানচিত্রটি প্রকাশ করছেন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। পাশাপাশি প্রকাশ হবে আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্লাটফর্মে।