ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্রটি উৎসবের সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এ সম্মানজনক পুরস্কার অর্জন করে।
এ আন্তর্জাতিক অর্জনে উচ্ছ্বসিত অর্চিতা স্পর্শিয়া তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘মানুষের বাগান শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজ, মানুষ আর জীবনের গল্প। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমন সম্মান পাওয়া পুরো টিমের জন্য অনেক বড় অর্জন। একজন শিল্পী হিসেবে এ স্বীকৃতি আমাকে আরো ভালো কাজের অনুপ্রেরণা দেবে। নির্মাতা নুরুল আলম আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, তিনি আমাদের এত সুন্দর একটি কাজের অংশ হওয়ার সুযোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, দর্শকও সিনেমাটি দেখে নিজেদের জীবনের অনেক অনুভূতির প্রতিচ্ছবি খুঁজে পাবে।’
সম্প্রতি ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত জমকালো সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক ও পুরো টিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার প্রীতি রহমান।
সিনেমার গল্প প্রসঙ্গে জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাঁচটি আলাদা গল্প নিয়ে এগিয়েছে মানুষের বাগানের কাহিনী। যেখানে পৃথিবীকে একটি বিশাল বাগানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে নানা বয়সী মানুষ স্বপ্ন, সংগ্রাম ও ভবিষ্যৎ নিয়ে এগিয়ে চলেছে।
২০১৮ সালে শুরু হওয়া এ সিনেমা নানা কারণে মুক্তি পেতে কিছুটা সময় নিলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে এটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদ পায়। পরিচালক জানিয়েছেন, সিনেমাটি শিগগিরই দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।
চলচ্চিত্রটিতে অর্চিতা স্পর্শিয়া ছাড়াও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, দীপান্বিতা মার্টিন, মনিরা মিঠু, মাহমুদ আলম ও প্রসূন আজাদসহ আরো অনেকে।