চলচ্চিত্রের প্রাণ চিত্রনাট্য। তবে চিত্রনাট্য লেখার আছে নির্দিষ্ট নিয়ম। অনেকের কাছেই চিন্তা (আইডিয়া) থাকে তবে তা গুছিয়ে চিত্রনাট্যে আনতে পারেন না। সেই জায়গা থেকেই চিত্রনাট্য বিষয়ক কর্মশালার প্রয়োজন অনুভূত হয়। এমনই এক কর্মশালার আয়োজন করেছিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বাংলা কন্টেন্টভিত্তিক প্রতিষ্ঠান লেখালিখি যৌথভাবে। যৌথ আয়োজনের এই কর্মশালার শিরোনাম ‘স্টোরি টু স্ক্রিন প্লে: ফ্রম আইডিয়া টু সিনেমা’। ২০ মে দিনব্যাপী কর্মশারাটি আয়োজিত হয়।
চলচ্চিত্রপ্রেমী ও গল্প নিয়ে কাজ করতে আগ্রহী ২৫ জন কর্মশালায় অংশ নেন। কীভাবে একটি সাধারণ ধারণাকে ধাপে ধাপে দৃশ্য, ঘটনা ও পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ দেওয়া যায় এবং সেটিকে দর্শক উপযোগী করে তোলা সম্ভব, আয়োজনে তা নিয়ে বিস্তারে আলোচনা করা হয়।
কর্মশালার মূল লক্ষ্য ছিল একটি এক লাইনের ভাবনাকে কীভাবে প্রথমে ধারণা, পরে দৃশ্য এবং শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ গল্পে রূপান্তর করা যায়—সেই প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহা পরিচালক ম. জাভেদ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার এবং পরিচালক ফারহানা রহমান।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহা পরিচালক ম. জাভেদ ইকবাল চলচ্চিত্র ও গল্পভিত্তিক এমন আয়োজনের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মশালা আয়োজনের সম্ভাবনার কথা তুলে ধরেন।
পরিচালক ফারহানা রহমান অংশগ্রহণকারীদের সামনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।
প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার বলেন, ‘এ ধরনের সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সরকারের সাংস্কৃতিক উদ্যোগে তরুণ ও আগ্রহীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।’
‘চিন্তা থেকে চিত্রনাট্য’ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তানভীর চৌধুরী। তার রচিত চিত্রনাট্যে নির্মিত সোলজার চলচ্চিত্রটি, যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও তানজীন তিশা, শিগগিরই দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।
তানভীর চৌধুরী বলেন, “এখনও অনেক মানুষের মধ্যে গল্প লেখা ও চিত্রনাট্য নির্মাণের কৌশল শেখার আগ্রহ রয়েছে— এটি অত্যন্ত আশাব্যঞ্জক। এ ধরনের কর্মশালার প্রয়োজনীয়তা তাই দিন দিন আরও বাড়ছে।”
কর্মশালায় গল্পের নৈতিকতা ও এথিক্স বিষয়ে সেশন পরিচালনা করেন লেখালিখির উদ্যোক্তা সৈয়দা ফারজানা জামান রুম্পা।
লেখালিখির পক্ষ থেকে সৈয়দা ফারজানা জামান রুম্পা জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলের আগ্রহী অংশগ্রহণকারীদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।