কান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর জুরিদের নাম প্রকাশ করা হয়েছে। এবার জুরি হিসেবে থাকছেন অভিনেতা পল ডানো, অভিনেত্রী ব্রি লারসন, মরক্কোর নির্মাতা মেরিয়াম তুজেনি, ফরাসি অভিনেতা দেনি মেনোখে, ব্রিটিশ-জাম্বিয়ান নির্মাতা রুগানো নিয়োনি, আফগান লেখক আতিক রহিমি, আর্জেন্টাইন নির্মাতা ডেমিয়েন জিফ্রো ও নির্মাতা জুলিয়া ডকোউরানো। ২০২১ সালে ‘টিট্যানে’ সিনেমার জন্য তিনি পাম ডি’অর পেয়েছিলেন। এ জুরিদের প্রেসিডেন্ট হিসেবে থাকছেন রুবেন অস্টল্যান্ড।
এবারের জুরি বোর্ডে বিভিন্ন ঘরানার অভিনেতা ও নির্মাতাদের দেখা যাচ্ছে। এদের প্রত্যেকের সংযুক্তি বিশেষ। প্রায় প্রত্যেকেরই অভিনীত বা নির্মিত সিনেমা এর আগে কানে পুরস্কৃত বা প্রদর্শিত হয়নি। তুজেনি এ সময় তার ‘ব্লু কাফতান’ সিনেমাটির জন্য আলোচিত। তবে তার প্রথম সিনেমা ‘আদম’ (২০১৯) আঁ সার্তে রিগায় প্রদর্শিত ও অস্কারের সংক্ষিপ্ত তালিকায় এসেছিল। দেনি মেনোখে অভিনয় করেছিলেন কোয়েন্টিন টারান্টিনোর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ সিনেমায় এবং সিনেমাটি ২০০৯ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। নিয়োনির প্রথম ফিচার ফিল্ম ‘আই অ্যাম নট আ উইচ’ কানে প্রদর্শিত হয়েছিল। রহিমির বই ‘আর্থ অ্যান্ড অ্যাশেস’ থেকে নির্মিত সিনেমা কানেই ২০০৪ সালে দেখা গিয়েছিল।
প্রত্যেক অভিনেতা ও নির্মাতা তাদের নিজস্ব কাজের জন্য বিশেষভাবে চিহ্নিত ও প্রশংসিত। এদের মধ্যে ব্রি লারসনের সংযুক্তি কিছুটা ভিন্ন মাত্রার। ক্যাপ্টেন মার্ভেলের জন্য তার পরিচিতি বাড়লেও বেশকিছু ইন্ডি সিনেমায় অভিনয় করেছেন লারসন। ডানোর ‘লেসনস ইন কেমিস্ট্রি’ও কানে দুটো টাইটেল জিতেছিল।
জুরি প্রেসিডেন্ট রুবেন অস্টল্যান্ড নিজে দুবারের পাম ডি’অর জয়ী। দ্য স্কয়ারের জন্য ২০১৭ সালে ও ট্রায়াঙ্গল অব স্যাডনেসের জন্য ২০২২ সালে পুরস্কৃত হন। কানের জুরি প্রেসিডেন্ট ও কান চলচ্চিত্র উৎসব নিয়ে অস্টল্যান্ড বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবের জুরি প্রেসিডেন্ট হিসেবে আমাকে যোগ্য মনে করে এ সম্মান দেয়ার জন্য আমি আনন্দিত। কান উৎসবের পর্দা উঠলে যে আশাবাদ তৈরি হয়, সিনেমা অঙ্গনে তা আর কোথাও হয় না।’
এবারের কান চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৬ মে ও শেষ হবে ২৭ মে। উৎসবের শেষদিন পুরস্কার ঘোষণা হবে।
সূত্র: ভ্যারাইটি