নিয়মিত সিনেমায় কাজ করতে চান সুনেরাহ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক তার।

প্রথম সিনেমায়ই আলোচনায় আসেন তিনি। এরপর নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করছেন এ অভিনেত্রী।

এবার ক্যারিয়ারে নতুন এক অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে সুনেরাহ। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা জায়গা করে নিয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে। বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মতো এ বিভাগে নির্বাচিত হয়েছে। এর সঙ্গে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন সুনেরাহ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আসলে অনেক খুশির খবর। অনেক আনন্দের খবর। এ সিনেমার সবার জন্যই বিষয়টি আনন্দের। দেশের সিনেমার জন্যও। আমিও ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছি।’

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট সুনেরাহ। তার মতে, দ্য ডিফিকাল্ট ব্রাইড ভালো হয়েছে। কাজটি করে তারও ভালো লেগেছে। সিনেমাটির পরিচালক ও পুরো টিমের প্রশংসাও করেছেন তিনি। সুনেরাহ বলেন, ‘ভালো গল্প, ভালো টিম, ভালো অভিনয়, ভালো পরিচালক—সব যখন ভালো হয়, তখনই একটি ভালো সিনেমা হয়, সুন্দর সিনেমা হয়। যা এ সিনেমায় আছে।’

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে নতুন কিছু শেখার প্রত্যাশা করছেন সুনেরাহ। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রবোদ্ধাদের সঙ্গে একই আয়োজনে থাকার সুযোগ হবে তার। ফলে আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি চলচ্চিত্র নিয়ে নতুনভাবে জানার সুযোগও হবে বলে মনে করছেন তিনি।

এর আগে ‘মশারি’ সিনেমা নিয়ে কোরিয়ার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন সুনেরাহ। এবার দেশের সিনেমা নিয়ে ভেনিসের প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়ার সুযোগ তার জন্য বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে।

রুবাইয়াত হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভালো হয়েছে সুনেরাহর। শুটিং শেষ হওয়ার পরও পরিচালক নিয়মিত যোগাযোগ রেখেছেন বলে জানান তিনি। প্রতি সপ্তাহে কথা বলতেন রুবাইয়াত। বিষয়টি অভিনেত্রীর ভালো লেগেছে।

সিনেমায় নিয়মিত কাজ করতে চান সুনেরাহ। তবে কাজের সংখ্যা নয়, ভালো কাজকেই গুরুত্ব দিতে চান তিনি। এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘সিনেমা করতে চাই, কিন্তু ভালো সিনেমা করতে চাই। ভালো ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’

নতুন সিনেমার প্রস্তাবও আসছে তার কাছে। তবে পছন্দ হলেই নতুন কাজে যুক্ত হবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

এদিকে বর্তমানে নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ। বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন তিনি। ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে ফিরে আবারো শুটিংয়ে ব্যস্ত হবেন।

আরও