জীবনের কথায় শাকিবের ছবির গানে বলিউডের জুবিন

গীতিকার রবিউল ইসলাম জীবন লিখেছেন গানের কথা। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটি ব্যবহূত হবে ঢালিউড সুপার স্টার শাকিব খানের সিনেমায়।

গীতিকার রবিউল ইসলাম জীবন লিখেছেন গানের কথা। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটি ব্যবহূত হবে ঢালিউড সুপার স্টার শাকিব খানের সিনেমায়। গানটি গেয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। সিনেমার নাম অন্তরাত্মা। সিনেমার টাইটেল সংটির নামও অন্তরাত্মা। জীবনের কথায় এর আগে ভারতের মিতালী মুখার্জি, জুবিন গার্গ, মোহাম্মদ ইরফান, আকৃতি কাক্কার, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, শুভমিতা, আকাশ সেনসহ বেশ কয়েকজন শিল্পী গান গেয়েছেন। এবার যুক্ত হলেন জুবিন। যিনি বলিউডের জনপ্রিয় সিনেমা কবির সিংয়ের শ্রোতাপ্রিয় গান ‘দিলকা দরিয়া ...’ গেয়েছেন। গেয়েছেন আরো জনপ্রিয় কিছু গান। তার মধ্যে আছে ‘লুট গ্যায়ে’, ‘হামনাভা’, ‘রাতা লাম্বিয়া’সহ তুমুল জনপ্রিয় বেশকিছু গান। বলিউডের এ গায়ক অন্তরাত্মা গানে কণ্ঠ দিয়েছেন। তবে গাওয়ার আগে দাবি করেছিলেন গানের কথা, সুর ও মিউজিক তার পছন্দ হতে হবে। সেই শর্ত মাথায় রেখে গানের কথা ও মিউজিক সাজান গীতিকার রবিউল ইসলাম জীবন ও সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।

গানে কণ্ঠ দেয়ার পর এক ভিডিও বার্তায় জুবিন বলেন, ‘বাংলাদেশের ছবির গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। অন্তরাত্মা সিনেমার টিমের জন্য শুভকামনা।’

গান প্রসঙ্গে গীতিকার রবিউল ইসলাম জীবন বণিক বার্তাকে বলেন, ‘ইন্দ্রদীপ দাদার সঙ্গে অনেক আগেই আমার পরিচয়। ইচ্ছা ছিল কখনো সুযোগ পেলে তার সঙ্গে কাজ করব। তার সুরের ওপর গানটি একবারেই লিখেছি। জুবিনের মতো বলিউডের বিখ্যাত গায়ক গেয়েছেন, এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। সুযোগটি করে দেয়ার জন্য সিনেমার প্রযোজক সোহানী আপাকে অনেক ধন্যবাদ জানাই।’

তিনি আরো বলেন, ‘ভারতের জনপ্রিয় সংগীতশিল্পীদের জন্য এর আগে একাধিক গান লিখেছি। তবে জুবিন নটিয়ালের জন্য প্রথম লিখলাম। তিনি এ সময়ের ভীষণ জনপ্রিয় একজন গায়ক। তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। তিনি যেভাবে গানটি গেয়েছেন, আমার বিশ্বাস শ্রোতাদের হূদয় ছুঁয়ে যাবে।’

আগে বাংলা গানে সুর তৈরির পর কথা লেখা হতো। সেই অনুশীলন এখন খুব একটা শোনা যায় না। এবার সুরের ওপর গান লেখা হলো। ফলে গানটি নিয়ে প্রত্যাশার কথা জানালেন জীবন। বললেন, ‘গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। কারণ সুরের সঙ্গে কথাগুলো দারুণভাবে বসে গেছে। গায়কীও হয়েছে হূদয় ছোঁয়া। তার ওপর শাকিব খানের সিনেমা। সব মিলিয়ে গানটা খুবই শ্রোতাপ্রিয় হবে বলে আমি আশা করি। তবে একটা গান জনপ্রিয়তা পাবে কিনা তা অনেকটা নির্ভর করে ভাগ্যের ওপর।’ 

অন্তরাত্মা ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন।

গত ফেব্রুয়ারিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সে অনুষ্ঠানে শাকিব খান বলেন, সিনেমায় গল্প এত ভালো যে আমার মধ্যে একেবারে গেঁথে গেছে। যখন আমাকে গল্প শোনানো হয়, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে একবারেই বলেছি, সিনেমাটি আমি করব। তাছাড়া সোহানী ম্যাডাম যেমন ভালো মানুষ তেমন ভালো একজন প্রযোজক। তার গল্পে অন্য রকম এক ব্যাপার রয়েছে। মার্চে শুটিং শুরু হয়। এ সিনেমায় শুটিং করতে কলকাতা থেকে উড়ে আসেন দর্শনা বণিক। পাবনার সুজানগরের জমিদার আজীম চৌধুরীর পুরনো বাড়িতে সিনেমার বেশকিছু দৃশ্যের শুটিং হয়। অন্তরাত্মা ঈদে মুক্তির কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেইনমেন্ট।

আরও