নেটফ্লিক্স সিরিজ হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে লিউ সিক্সিনের উপন্যাস থেকে নির্মিত ‘দ্য থ্রি-বডি প্রবলেম’। একই লেখকের বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘ফুল-স্পেকট্রাম ব্যারেজ জামিং’ নিয়ে কাজ করছেন চীনা চলচ্চিত্র নির্মাতা গুয়ান হু। এছাড়া লিউ ঝেনইউনের প্রশংসিত উপন্যাস ‘ওয়ান সেন্টেন্স ইজ টেন থাউজ্যান্ড সেন্টেন্স’ও রয়েছে এ নির্মাতার ভবিষ্যৎ পরিকল্পনায়। খবর ভ্যারাইটি।
গল্পসংগ্রহ ‘টু হোল্ড আপ দ্য স্কাইয়ের’ অন্তর্ভুক্ত ‘ফুল-স্পেকট্রাম ব্যারেজ জামিং’। এটি পুনরুজ্জীবিত কমিউনিস্ট রাশিয়া ও ন্যাটো বাহিনীর মধ্যে যুদ্ধকে ঘিরে লেখা। এ সামরিক বৈজ্ঞানিক কল্পকাহিনীতে ন্যাটোর উন্নত বৈদ্যুতিক সক্ষমতা প্রতিহত করার লড়াইয়ে নামে রাশিয়া, যা কিনা প্রযুক্তিগত অস্ত্র প্রতিযোগিতা তৈরি করে।
এদিকে লিউ ঝেনইউনের ‘ওয়ান সেন্টেন্স ইজ টেন থাউজ্যান্ড সেন্টেন্স’ যা ২০১১ সালে মাও দুন সাহিত্য পুরস্কার জিতেছে। এটি চীনের ভিন্ন প্রজন্মের মানুষের একাকীত্ব ও আধ্যাত্মিক চিন্তা নিয়ে লেখা। গল্পের কেন্দ্রীয় চরিত্র বিশ শতকের এক নিঃসঙ্গ ব্যক্তি উ মোক্সি। যে প্রিয়জনকে হারানোর বেদনা নিয়ে শানসি, শানডং ও হেবেই ভ্রমণ করেন এবং এক শতাব্দী পর তার নাতি নিউ আইগুয়ো সে পথ অনুসরণ করে মানব সম্পর্কের স্বরূপ সন্ধানে বের হয়।
কান চলচ্চিত্র উৎসবে আঁ সাঁর্তে রিগা বিজয়ী গুয়ানের চলচ্চিত্র ‘ব্ল্যাক ডগ’ এ বছর এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র ও পরিচালকসহ পাঁচটি মনোনয়ন পেয়েছে। আন্তর্জাতিকভাবে গুয়ান ২০২০ সালের যুদ্ধের মহাকাব্য ‘দ্য এইট হান্ড্রেড’-এর জন্যও পরিচিত।