তিউনিসিয়ার প্রাচীন রোমান থিয়েটার দৌগায় মঞ্চে ওঠেই ফিলিস্তিনি পতাকা উঁচিয়ে ধরলেন কানাডিয়ান রক কিংবদন্তি ব্রায়ান অ্যাডামস, দেন মানবতার বার্তা। আর পরেছিলেন ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়েহ। খবর রয়া নিউজ।
দেশটিতে সম্প্রতি দুটি কনসার্টে অংশ নিয়েছে ব্রায়ান অ্যাডামস। এ স্মরণ মুহূর্ত তৈরি হয় তার দ্বিতীয় কনসার্টে। ঘটনাটি উপস্থিত তিন হাজারের বেশি দর্শকের মধ্যে প্রবল করতালি ও আবেগঘন উচ্ছ্বাসের সৃষ্টি করে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত দৌগা। এদিন দ্বিতীয় শতাব্দীর এ স্থাপত্যকে মানবিক বার্তার মঞ্চে পরিণত করেন অ্যাডামস।
পারফরম্যান্সটি ছিল অ্যাডামসের ‘বার বোনস’ আন্তর্জাতিক ট্যুরের অংশ। এ সফরে অন্তর্ভুক্ত রয়েছে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, এ গায়ক-গীতিকার মঞ্চে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরছেন। স্থানীয় গণমাধ্যম একে ‘শক্তিশালী প্রতীকী বার্তা’ হিসেবে বর্ণনা করেছে, যা সংগীতের সীমা ছাড়িয়ে গেছে।
এ সময় ব্রায়ান অ্যাডামস দর্শকদের উদ্দেশে বলেন, ‘আজ রাতটি শুধু গান গাওয়ার জন্য নয়; এটি মর্যাদার লড়াইকে স্বীকৃতি দেওয়ার জন্যও।’
এ কনসার্টে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, যার মধ্যে ছিলেন তিউনিসিয়ার পর্যটনমন্ত্রী এবং তিউনিসিয়ায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত।