ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী এখন আমেরিকায়। উপস্থাপিকা, মডেল-অভিনেত্রী জাহারা মিতু বাংলাদেশে। প্রায় সাড়ে আট হাজার মাইল দূর থেকে বাপ্পি-মিতু কুস্তিগীর নামে একটি নতুন সিনেমার খবর দিলেন। সিনেমাটি পরিচালনা করছেন শাহীন সুমন।
কুস্তিগীর হতে যাচ্ছে বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু জুটির তৃতীয় সিনেমা। এর আগে বাপ্পি-মিতু জুটি বাঁধেন অপূর্ব রানার ‘যন্ত্রণা’
ও কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’
সিনেমায়। দুটি সিনেমাই নির্মাণাধীন। এ দুটি সিনেমার শুটিং শেষ হতে না হতেই এল হ্যাটট্রিক সিনেমার খবর। গত শনিবার সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জাহারা মিতু। তবে বাপ্পি দেশে না থাকায় মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। ঢাকা ফিরলেই সারবেন চুক্তি স্বাক্ষরের কাজ।
গতকাল দুপুরে এক ফেসবুক পোস্টে বাপ্পি লেখেন, ‘‘যা কিছু প্রথম; তা কিছু সুন্দর। আনন্দের সঙ্গে আমার নতুন সিনেমা ‘কুস্তিগীর’-এর ঘোষণা করছি। সিনেমাটি পরিচালনা করছেন আমার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’
এবং পরবর্তী সময়ে ‘অন্যরকম ভালোবাসা’
ও ‘জটিল প্রেম’-এর পরিচালক শাহীন সুমন। দীর্ঘ আট বছর পর আবার একসঙ্গে কাজ করছি। আশা করি শাহীন ভাইয়ের সঙ্গে কাজ, চমত্কার কিছু গল্প তৈরি করবে। শাহীন ভাই—আসেন, দুজন আবার সেরা কিছু করি।”
সিনেমাটি প্রযোজনা করছে সচেতন মিডিয়া।
যোগাযোগ করা হলে বাপ্পি চৌধুরী বণিক বার্তাকে খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শাহীন ভাইয়ের হাত ধরেই আমার চলচ্চিত্রে পা রাখা। একসঙ্গে কাজ করেছি ভালোবাসার রঙ, অন্যরকম ভালোবাসা, জটিল প্রেম সিনেমায়। দেশে ফিরেই কাজে লেগে পড়ব। আশা করি ভালো কিছু হবে।’
কুস্তিগীর সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করবেন জয় বাংলা সিনেমার জাহারা মিতু। মিতু ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে আমার পঞ্চম সিনেমা কুস্তিগীরের ঘোষণা করছি। সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় ও সফল নির্মাতা শাহীন সুমন। শাহীন ভাইয়ের সঙ্গে কাজের সুযোগ পাওয়াটা খুবই আনন্দের। এবার একটি সুন্দর গল্প দিয়ে পর্দায় ঝড় তোলা যাক শাহীন ভাই।’
২২ ডিসেম্বর সিনেমার শুটিং শুরু হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি।
সিনেমায় কে কোন চরিত্রে অভিনয় করছেন জানতে চাইলে মিতু বলেন, ‘চরিত্র নিয়ে এখনই কিছু বলা যাবে না। তবে আমাকে গ্রামের চঞ্চল একটি মেয়ের চরিত্রে দেখা যাবে। একটানা কাজ করে সিনেমাটি শেষ করা হবে। সিনেমার গল্পটি সুন্দর। এটি গ্রামীণ পারিবারিক গল্পের সিনেমা। ট্র্যাজেডি, রোমান্স সবই আছে। এতে বিনোদনের সবকিছুই পাবেন দর্শক।’
২০১২ সালে ভালোবাসার রঙ সিনেমা দিয়ে বড় পর্দায় হাজির হন বাপ্পি চৌধুরী। তার বিপরীতে ছিলেন মাহিয়া মাহি। অনেক সাধের ময়না, সুলতানা বিবিয়ানা, সুইটহার্ট, আমি তোমার হতে চাই, প্রিয় কমলাসহ বাপ্পির বেশকিছু সিনেমা ব্যবসায়িক সাফল্য পাওয়ার পাশাপাশি প্রশংসিত হয় তার অভিনয়।
বর্তমানে মুক্তির মিছিলে আছে বাপ্পি অভিনীত বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে আছে আশরাফ শিশির পরিচালিত ‘৫৭০’। এছাড়া কাজী হায়াত পরিচালিত, সরকারি অনুদানে নির্মিতব্য ‘জয় বাংলা’
সিনেমায় তিনি অভিনয় করছেন ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধকালীন একজন লেখক ও সাংবাদিকের ভূমিকায়। একজন লেখক-সাংবাদিকের মুক্তিযুদ্ধে যোগদানের ঘটনা তুলে ধরা হয়েছে এ সিনেমায়। ইতিহাসবিদ, শিক্ষক মুনতাসির মামুনের ‘জয় বাংলা’
উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এরই মধ্যে প্রথম লটের কাজ শেষ হয়েছে। শিগগিরই দ্বিতীয় লটের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাপ্পি চৌধুরী।
এখন পর্যন্ত ৩০টির বেশি সিনেমায় অভিনয় করলেও ইদানীং বাপ্পিকে দেখা যাচ্ছে ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করতে। এ প্রসঙ্গে বণিক বার্তাকে বাপ্পি বলেন, ‘আমি নায়ক নয়; অভিনেতা হতে চাই।’